News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাসদাইরে দগ্ধ শাহীনের মৃত্যু, আইসিইউতে স্ত্রী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৮:৫৫ পিএম মাসদাইরে দগ্ধ শাহীনের মৃত্যু, আইসিইউতে স্ত্রী

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ শাহিন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৬৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়।

একই ঘটনায় দগ্ধ তার স্ত্রী লিমা পারভীন (২৬) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়াও ওই অগ্নিকাণ্ডে দগ্ধ হোসেনের শরীরের ১২ শতাংশ এবং শাহেদের ৩ শতাংশ পুড়ে গেছে। তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক হারুন উর রশিদ বিপুল বলেন, শাহিনের শরীরের ৬৮ শতাংশ এবং তার স্ত্রী লিমার ৪৫ শতাংশ পুড়ে যায়। দুজনেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যান। আর তার স্ত্রী লিমা বর্তমানে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এর আগে, শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাহিন ও তার স্ত্রী লিমা পারভীনসহ চারজন দগ্ধ হন। দগ্ধ অন্য দুজন হলেন হোসেন (২৮) ও শাহেদ (২৪)।

ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।