News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

একটি গুপ্ত সংগঠন ধর্মীয়ভাবে বিভক্ত করছে : সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৯:২৮ পিএম একটি গুপ্ত সংগঠন ধর্মীয়ভাবে বিভক্ত করছে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, একটি গুপ্ত সংগঠন যারা বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা গুপ্তভাবে থেকে এদেশের মানুষকে ধর্মীয়ভাবে বিভক্ত করে, ধর্মীয় আবেগ দিয়ে তাদের পক্ষে টানার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ অন্যকোনো ইসলামে নয় মদিনার ইসলামে বিশ্বাসী। মদিনার ইসলাম হলো আমাদের নবী মোহাম্মদ (স:) যেটা আমাদের জন্য রেখে গেছেন। বাংলাদেশের মানুষ সেই ইসলামে বিশ্বাসী। কিন্তু তারা সেই ইসলামকে বাদ দিয়ে মওদুদী ইসলাম বাংলাদেশ কায়েম করতে চায়। যারা ধর্মীয় প-িত রয়েছেন তাদের এই বিষয়টি বুঝতে হবে। ইতোপূর্বে চরমোনাই পীর সাহেব বলেছেন, ইহুদিরা ক্ষমতায় আসলেও মানুষকে ইসলামের পথে রাখা সম্ভব, কিন্তু এই গুপ্ত সংগঠন যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ইসলামকে এমন ভাবে বিকৃত করা হবে সেই বিকৃতির মাধ্যমে আমাদের ধর্মীয় যে ধারাবাহিকতা সেটা তারা নষ্ট করবে। এদেশের মানুষের ইমান আকিকাকে নষ্ট করে এই দেশকে মওদুদী বাদের একটি উর্বর ভূমি করতে চায়।  

রোববার ৭ জনু দুপুরে নারায়ণগঞ্জ বিটিসিএল ভবনের সম্মুখে ১৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি ফেরদৌসুর রহমান, সাধারণ সম্পাদক শওকত আলী লিটন, বিটিসিএল শ্রমিক ইউনিয়নের হুমায়ন কবির, মাসুদ রানা, সুমন, কামরুজ্জামান মুন্সি মিজানুর রহমান সহ অন্যান্যরা।

সাখাওয়াত হোসেন খান আরো বলেন, জিয়াউর হরমান একজন মেজর হলেও ১৯৭১ সালে তিনি বলে থাকেননি। দেশের মানুষকে রক্ষা করার জন্য উনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কিন্তু জিয়াউর রহমান। নিজেকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে তারপর উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ৯ মাস তিনি ১১ নাম্বার সেক্টরের প্রধান হিসেবে যুদ্ধ পরিচালনা করেছেন। স্বাধীনতার পরে তিনি চাকরি জীবনে ফিরে গেছেন। ক্ষমতার কোনো মোহ করেননি। চাকরি জীবনে দায়িত্বপালন করা কালীন একটি দলের প্রধান যাকে আমরা বাংলাদেশের স্থপতি হিসেবে জানি সেই দলের শাসনের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিলো ১৯৭৩ সালে। পরবর্তীতে ১৯৭৫ সালে নভেম্বর মাসে সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে উদ্ধার করে দেশের দায়িত্ব প্রদান করা হয়।

দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।