নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সম্ভাবনা তৈরি হয়েছে। তার বর্তমান অবস্থান আগামী দিনেও ধরে রাখতে পারলে আগামী দিনে তিনি হয়তো নারায়ণগঞ্জ বিএনপির কোনো পদে আসতে পারেন। সম্প্রতি তার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এমনই সম্ভাবনার পথ উন্মোচন হয়েছে। যদিও রাজনীতির সমীকরণ যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে।
জানা যায়, গত ৫ জুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জবাসীর কল্যাণে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। আর এই অনুষ্ঠানে উপস্থিত সকলেই মাকছুদুল আলম খন্দকার খোরশেদের ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে অনুষ্ঠানের উপস্থিতিও চোখে পড়ার মতো।
সাধারণ কোনো একক আয়োজনে এত লোকজনের উপস্থিতি ও নেতাদের উপস্থিতি পরিলক্ষিত হয় না। কিন্তু মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সেটার ব্যত্যয় ঘটিয়েছেন। রাজনীতির বাইরে গিয়ে জনসাধারণের মাঝে তার গ্রহণযোগ্যতার প্রমাণ মিলেছে।
অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিকেএমইএর সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, টিম খোরশেদ যে কাজগুলি করছে এগুলো সত্যিই আনপ্যারালাল। শুধু বাংলাদেশের ক্ষেত্রে পৃথিবীর অনেক দেশেই এই কাজগুলো হয়ে থাকে। টিম খোরশেদ ছোট ছোট কাজগুলোকে দলীয় প্ল্যাটফর্মের মাধ্যমে বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিকদল তাঁতীদল মহিলাদল দলীয় প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাবো। আমরা জনগণের কাছে পৌঁছে স্বাস্থসেবা শিক্ষা সেবা শিক্ষা সেবা ফ্যামিলি কার্ড ও পরিবেশের কথা বলবো। এগুলোই হোক আমাদের আগামী দিনের রাজনীতির মৌলিক কেন্দ্রবিন্দু। নারায়ণগঞ্জ হোক সেই রাজনীতির শিক্ষার পরীক্ষাগার।
একই সাথে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রায় সকল বক্তারাই মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিভিন্ন সামাজিক কার্যক্রমের প্রশংসা করেছেন। পাশাপাশি তার মঙ্গল কামনাও করেছেন। সবমিলিয়ে তার এই অনুষ্ঠান খোরশেদের রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়ার সম্ভাবনা তৈরি করেছে।
এদিকে একদিন পর শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত এক উচ্চপর্যায়ে সভায় প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জরুরি রোগী পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং আমদানিনির্ভরতা কমাতে এবার দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে।
জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চার বারের নির্বাচত কাউন্সিলর হচ্ছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ২০০৩ সালে পৌরসভার নির্বাচন দিয়ে তার শুরু হয়। এর পর আর তাকে পেছনে ফিরতে হয়নি। পরের ২০১১, ২০১৬ ও সবশেষ ২০২২ সালের ১৬ জানুয়ারী নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন। সেই সাথে খোরশেদ এখন সারাদেশে একটি আলোচিত নামে পরিণত। করোনার ভয়াবহতা বাড়তে শুরু করলে দাফন, সৎকার থেকে শুরু করে সবকিছুতেই এগিয়ে ছিলেন খোরশেদ।
করোনায় আক্রান্ত ও উপসর্গে মৃত ব্যক্তিদের লাশ পড়েছিল বাড়ির আঙিনায়, সিঁড়িতে। সংক্রমণের ভয়ে স্বজন ও প্রতিবেশীরা কেউ লাশ দাফনে এগিয়ে আসেনি। ওই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে লাশ দাফন ও সৎকারে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ সিটি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। মাকছুদুল ও তাঁর দল টিম খোরশেদ একে একে দেড় শতাধিক জনের লাশ দাফন করেন। মৃতদেহ সৎকারে মুখাগ্নি করেছেন কয়েকজনের। করোনার শুরু থেকে হ্যান্ডস্যানিটাইজার তৈরী ও বিতরণসহ নানা উদ্যোগে নারায়ণগঞ্জবাসীর পাশে ছিলেন আলোচিত এই কাউন্সিলর।
বিএনপি দলীয় রাজনীতি করতে গিয়েও নানাভাবে খোরশেদ নির্যাতনের শিকার হয়েছেন। খোরশেদের বিরুদ্ধে মামলা রয়েছে ৪৯টি। বিগত দিনে হরতাল অবরোধ চলাকালে সামনের সারিতে থাকা এ যুবদল নেতাকে এখন পর্যন্ত কারাবন্দী হতে হয়েছে ১০ বারের মত। এছাড়া জেল গেট থেকেও গ্রেপ্তার হয়েছেন অনেকবার। মহানগর যুবদলের সেক্রেটারী থেকে সভাপতির দায়িত্ব পালন কালে খোদ প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বিরাও তাঁর সক্রিয়তাকে স্বীকার করেছেন।
কিন্তু রাজনীতির বিভিন্ন সমীকরণে মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে পিছিয়ে পড়তে হয়। যা এখনও বহাল রয়েছে। কোনোভাবেই যেন তার সেই অবস্থার উত্থান ঘটাতে পারছেন না। তবে এবার আশা করা যাচ্ছে তিনি আগামী দিনের রাজনীতিতে হয়তো এগিয়ে আসবেন।





























-20260603135648.jpg)


আপনার মতামত লিখুন :