রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, আইভীর মুক্তি শুধু একজন নেতার কারাগার থেকে বের হওয়ার ঘটনা নয়; বরং এটি স্থানীয় রাজনীতির সমীকরণে বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে। বিশেষ করে সামনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে তার সম্ভাব্য প্রত্যাবর্তন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের হিসাব-নিকাশে নতুন মাত্রা যোগ করেছে।
গত বছরের মে মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ভোররাতে নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিয়ে যান। গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে সেদিন সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে টানটান পরিস্থিতি বিরাজ করলেও শেষ পর্যন্ত তিনি শান্তিপূর্ণভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জের রাজনীতিতে আইভীর অবস্থান বরাবরই কিছুটা ব্যতিক্রমধর্মী। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তিনি ব্যক্তিগত জনপ্রিয়তা এবং নিজস্ব রাজনৈতিক পরিচয়ের কারণে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন। নগর উন্নয়ন, জনসম্পৃক্ততা এবং সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগের কারণে তিনি দীর্ঘদিন ধরে একটি শক্ত ভোটব্যাংক ধরে রেখেছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকা অবস্থাতেও স্থানীয় নির্বাচনে জয়লাভ করার অভিজ্ঞতা আইভীর রাজনৈতিক সক্ষমতার অন্যতম বড় প্রমাণ। ২০০৩ সালে পৌর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি যে রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন, পরবর্তীতে সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর টানা তিনবার মেয়র নির্বাচিত হয়ে সেই অবস্থান আরও শক্তিশালী করেন। বর্তমানে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম অনেকটাই দুর্বল বলে মনে করা হলেও আইভীর ব্যক্তিগত প্রভাব ও জনপ্রিয়তা এখনো পুরোপুরি ¤øান হয়নি বলে ধারণা রাজনৈতিক মহলের। ফলে তিনি সক্রিয় রাজনীতিতে ফিরলে স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হতে পারে।
এদিকে তার সম্ভাব্য মুক্তির খবরে সমর্থক ও অনুসারীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর আইভী রাজনীতির মাঠে ফিরলে নেতাকর্মীদের মধ্যে নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে এবং সাংগঠনিক কর্মকাÐেও গতি আসবে। একই সঙ্গে তার সম্ভাব্য প্রত্যাবর্তন প্রতিদ্ব›দ্বী রাজনৈতিক শিবিরগুলোকেও নতুন করে কৌশল নির্ধারণে বাধ্য করতে পারে।
সংশ্লিষ্ট মহলের মতে, আগামী দিনে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা অনেকাংশেই নির্ভর করতে পারে আইভীর কারামুক্তির পর তার রাজনৈতিক অবস্থান ও কর্মকৌশলের ওপর। তাই যেকোনো সময় তার মুক্তির সম্ভাবনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে এখন চলছে নানামুখী আলোচনা, বিশ্লেষণ এবং অপেক্ষা।
























-20260603135648.jpg)









আপনার মতামত লিখুন :