News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

এনসিপির কর্মসূচীতে হামলা ছাত্রদল নেতা সহ আসামী ১২০, গ্রেপ্তার ২


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৯:২৫ পিএম এনসিপির কর্মসূচীতে হামলা ছাত্রদল নেতা সহ আসামী ১২০, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক নেতাকর্মী সহ ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে রূপগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন হামলায় আহত উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি।

মামলায় উল্লেখযোগ্য আসামীদের মধ্যে রয়েছে রুপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মারুফ মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ, দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাইনুল ইসলাম সুরুজ।

মামলায় এজাহারভুক্ত আসামীদের মধ্যে নিলয় ও রাজু নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তার হোসেন। তিনি বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামীদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, শনিবার বিকেলে এনসিপির ফল উৎসব অনুষ্ঠানে উল্লেখিত আসামীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ভাঙচুর করা হয় মঞ্চ ও অনুষ্ঠানস্থল। প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করে হামলাকারীরা। হামলায় বাঁধা দিলে বাদী সহ আরও ৫/৬ জনকে মারধর করে তারা। এছাড়া অনুষ্ঠানস্থলের মাইক, সাউন্ডবক্স, ব্যাটারি এবং উৎসবের জন্য আনা ফল সহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এই বিষয়ে কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদলের নেতা মারুফ মোল্লা ও সুলতান মাহমুদসহ ১২০ জনের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে আমাদের আহত কর্মী আল ফারাবী। আমরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’