News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ডনচেম্বারে ক্রিয়েটিভ অনুর্ধ্ব-১৪ ফুটবল লীগে চ্যাম্পিয়ন ধানসিঁড়ি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০৭:৪৮ পিএম ডনচেম্বারে ক্রিয়েটিভ অনুর্ধ্ব-১৪ ফুটবল লীগে চ্যাম্পিয়ন ধানসিঁড়ি

নারায়ণগঞ্জের ডনচেম্বার প্রভাতী সংঘের মাঠে অনুষ্ঠিত হয়েছে ক্রিয়েটিভ অনূর্ধ্ব-১৪ ফুটবল লীগের ফাইনাল খেলা।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে টিম শীতলক্ষ্যাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম ধানসিঁড়ি।

টিম ক্রিয়েটিভের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে বাংলাদেশের ছয়টি নদীর নামে দল গঠন করে কিশোর ফুটবলারদের অংশগ্রহণে প্রতিযোগিতার আয়োজন করা হয়। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

টুর্নামেন্টের প্রধান আয়োজক ও টিম ক্রিয়েটিভের পরিচালক আলমগীর হোসেন আলমের সার্বিক পরিচালনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাওসার আশা এবং গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন।

ফাইনাল খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় কিশোরদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখার এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং একটি সুস্থ ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।