শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক গঠন এবং সুস্থ বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে টিম ক্রিয়েটিভের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে ‘ক্রিয়েটিভ অনূর্ধ্ব-১৪ ফুটবল লীগ ২০২৬’ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জের যুগ্ম আহ্বায়ক সামছুর নূর বাঁধন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সম্পাদক পপি রাণী সরকার এবং ক্রীড়া সংগঠক সাদমান সাকিব।
খেলাটির আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টিম ক্রিয়েটিভের পরিচালক আলমগীর হোসেন আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশু-কিশোর ও তরুণদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, শিশু-কিশোরদের মাদক, প্রযুক্তির অতিরিক্ত নির্ভরতা ও নানা নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে প্রতিটি পাড়া-মহল্লায় নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। একইসঙ্গে পড়াশোনার বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের জ্ঞান ও কল্পনাশক্তির বিকাশে গল্পের বইসহ বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ তৈরি করতে স্থানীয় পর্যায়ে লাইব্রেরি গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অতিথিরা বলেন, একটি সুস্থ, সৃজনশীল ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার সমন্বিত পরিবেশ তৈরি করা জরুরি। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের ইতিবাচক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
টিম ক্রিয়েটিভের আয়োজনে অনুষ্ঠিত ক্রিয়েটিভ অনূর্ধ্ব-১৪ ফুটবল লীগ ২০২৬-এ শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।










































আপনার মতামত লিখুন :