News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পূজায় ভয় ছিনতাই নিয়ে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০৯:৪৭ পিএম পূজায় ভয় ছিনতাই নিয়ে

শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা উৎসব। এই উৎসবকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রোপ্রাগান্ডা এবং রাজনৈতিক নেতাদের বক্তব্যে দূর্গাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করা হলেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত নন দূর্গা পূজার আয়োজকরা। তবে দূর্গা পূজা চলাকালীন সময় ছিনতাইকারীদের নিয়ে ভীষন ভাবে চিন্তিত আয়োজকরা।

তাদের দাবি সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক দল গুলোও সার্বিক সহযোগিতা করছেন। তাই পূজা মন্ডপের নিরাপত্তা নিয়ে তারা আপাতত শঙ্কিত নন। তবে নগরীতে ছিনতাইয়ের ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এটি একটি দুশ্চিন্তার বিষয়। পূজা চলাকালনী সময় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রচুর ভক্ত ও দর্শকের সমাগম হয় এবং গভীর রাত পর্যন্ত শহরে মন্ডপ গুলোতে দর্শনার্থীরা প্রতিমা দেখে থাকেন। এই সুযোগটা নিতে পারেন ছিনতাইকারীরা। তাই এই কয়টাদিন ছিনতাই রোধে আরো বেশি তৎপরতা বৃদ্ধি করা প্রয়োজন।

নগরখানপুর সিদ্ধিগোপাল জিউর মন্দিরের পূজা মণ্ডপটির আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহা জানান, দূর্গা পূজায় নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই এবং সকল রাজনৈতিক দলের সহযোগিতা পাচ্ছেন। তিনি বলেন, পূজায় নিরাপত্তা জনিত কোনো শঙ্কা করছিনা। পুলিশ প্রশাসন সহ সকল দলের রাজনৈতিক নেতারাই আমাদের সার্বিক সহযোগিতা করছেন, আর্থিক ভাবেও সহযোগিতা করেছেন। সেই সাথে আমরা আমাদের এলাকার হিন্দু মুসলিম সকলের আমাদের পূজা আয়োজনে সহযোগিতা করেছেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা শঙ্কিত নই। তবে প্রশাসনের কর্মকর্তাদের কাছে অনুরোধ থাকবে পূজা চলাকালীন সময় যেন ছিনতাইকারীদের ব্যাপারে একটু বেশি নজরদারি করা হয়। কারণ অনেক রাত্র পর্যন্ত সকলে পূজা মণ্ডপ গুলো ঘুরে দেখেন সেই সময় ছিনতাইকারীরা একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারেন।

শ্রী শ্রী বলদেব জিউর আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয়কে রায় চৌধুরী বাপ্পি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে আমরা সেই প্রত্যাশা নিয়েই এগিয়েছি। ছিনতাইয়ের যে বিষয়টি সেটি নগরীতে এমনিতেই অহরহ ঘটছে। আমার মনে হয় ছিনতাইরোধে এই কয়টা দিন একটু বিশেষ ব্যবস্থা প্রয়োজন।

নিতাইগঞ্জ সার্বজনীন পূজা মণ্ডপ কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয় জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আপাতত দৃষ্টিতে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না। দেশের অন্যান্য জায়গাতে কোথায় কি হয় সেটি বলতে পারবো না। কিন্তু আমাদের নারায়ণগঞ্জে সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিলো। দূর্গা বা অন্যান্য পূজাতে কখনো কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি। আমাদের নারায়ণগঞ্জে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের মাঝে একটি ভ্রাতৃত্বপূর্ন সম্পর্ক রয়েছে এটি থাকবে। 

আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির কোষাধক্ষ সানি সাহা জানান, সার্বিক নিরাপত্তার ব্যাপারে তিনি জানান, প্রশাসনের পক্ষে থেকে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সেই সাথে আমাদের এখানে পুরো মণ্ডপ সহ আশ পাশের এলাকা গুলো সিসি টিভি ক্যামেরাও আওতায় আমরা আনবো। সরকার থেকে দেওয়া পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি আমাদের নিজস্ব দেড়শত স্বেচ্ছাসেবী থাকবে। আমরা যতটা সম্ভব নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাই প্রতিরোধে সচেষ্ট থাকবো।

সাহাপাড়া পূজা মণ্ডপের সহ সাধারণ সম্পাদক সৌরভ সাহা বলেন, দূর্গা পূজায় নিরাপত্তার ঝুঁকি নেই মন্তব্য করে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নিরাপত্তার বিষয়টি আশ্বস্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রোপ্রাগান্ডা ছড়াবেই এটা আটকে রাখা যাবেনা। হিংসা বিদ্বেষ ছড়াবেই। আমরা সেদিকে কান না দিয়ে সর্তক থাকি। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা আইন হাতে না তুলে নিয়ে যেন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেই। ছিনতাই রোধে তিনি বলেন, মণ্ডপে আনসার বাহিনীর সদস্য থাকবে। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবী থাকবে, সেই সাথে পুরো এলাকায় সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করবো চুরি ছিনতাই প্রতিরোধ করার।