নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, নারী জাগরণ ও নারী শিক্ষার যে পথ বেগম রোকেয়া দেখিয়েছিলেন, সেই পথ ধরেই আজকের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। বর্তমান বিশ্বে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী ও পারিবারিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে সচেতন থাকতে হবে, বিশেষ করে মেয়েদের এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলে অবস্থিত বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অর্জিত সাফল্য ও মেধার স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করা হয়।
এমপি আবুল কালাম বলেন, আগে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের অনেক বই ও খাতা বহন করতে হতো। কিন্তু বর্তমানে একটি মোবাইল ফোনেই অনেক তথ্য ও শিক্ষাসামগ্রী পাওয়া যাচ্ছে। এত সহজ সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা যদি সঠিকভাবে জ্ঞান অর্জন করতে না পারে, তাহলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা আমাদের জাতীয় সম্পদ। আগামীতে দেশ গড়ার ক্ষেত্রে তোমরাই হবে অগ্রগামী সৈনিক।”
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, পরিচালনা কমিটি ও শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব-বিভেদ এবং ব্যক্তিস্বার্থের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পরিচালনা কমিটি ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকা জরুরি। কমিটি কিংবা শিক্ষকদের মধ্যে বিভক্তি এবং প্রতিষ্ঠানের নেতৃত্ব নিয়ে স্বার্থকেন্দ্রিক প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে। এ ধরনের সামাজিক অবক্ষয় রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণের দাবি প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, প্রতিষ্ঠানটির জন্য ১০ তলা ভবন নির্মাণের দাবি রয়েছে। ১২ ফেব্রুয়ারি সরকার গঠনের পর ১৯ এপ্রিলের মধ্যেই তিনি বিবি মরিয়ম বালিকা বিদ্যালয়সহ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের জন্য আবেদন করেছেন বলে জানান। তিনি বলেন, ুআমি কোনো ঘুমন্ত মানুষ নই, আমি জাগ্রত মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে মেয়েদের শিক্ষার জন্য বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব রয়েছে। এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের চাহিদা পূরণে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসঙ্গে আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জ কলেজে আইসিটিভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে প্রায় ২৯টি কম্পিউটার সেকশন চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রযুক্তির ব্যবহার ও শিক্ষার মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।


























-20261014113949.jpg)









আপনার মতামত লিখুন :