News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ভূমি অফিসের বারান্দায় প্রতিমন্ত্রী, কর্মকর্তারা তখনো আসেনি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৪:৩৩ পিএম ভূমি অফিসের বারান্দায় প্রতিমন্ত্রী, কর্মকর্তারা তখনো আসেনি

বুধবার সকাল ৯ টার আগ মূহূর্তে আকস্মিক কাউকে না জানিয়ে সিদ্ধিরগঞ্জস্থ ভূমি অফিস পরিদর্শনে আসেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। 

পরিদর্শনে এসে তিনি দেখতে পান যে সরকারি নির্ধারিত সময়ে কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারী এসে পৌঁছায়নি এবং অফিসও তালাবদ্ধ রয়েছেন। তার উপস্থিত হওয়ার প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর কেউ একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন।

পরিদর্শনকালে দেখা যায়, ভূমি অফিসের নায়েব মো. নাছির উদ্দিন সকাল পৌনে ১০টায় এবং সহকারী নায়েব ওমর ফারুক সকাল ১০টায় কর্মস্থলে আসেন। নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে উপস্থিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী এবং তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে স্থানীয় সেবাগ্রহীতারা কার্যালয়ে ভিড় করেন। তারা দীর্ঘদিনের অনিয়ম, হয়রানি ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে এসে আশাহত হয়েছি। কারণ ৯ টায় অফিস খোলার কথা থাকলেও সেটা হয়নি। দেখলাম একজন কর্মকর্তা পৌনে দশটা এবং আরেকজন দশটার পড়ে এসেছেন। এ ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুসারে ব্যবস্থা নিবো।আমাদের সরকার জনগণ দ্বারা নির্বাচিত সরকার অর্থাৎ জনগণের সরকার। আমরা চেয়ারে বসা মাত্রই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কাজ করার কথা বলেছি। 

প্রতিমন্ত্রী বলেন, সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। মানুষের অভাব,অভিযোগসহ অনেক কিছুই রয়েছে। বিশেষ করে দুর্নীতির অভিযোগটা একনম্বরে রয়েছে। তাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশেনায় আমরা বিষয়গুলো তদন্ত করার চেষ্টা করছি। তারাই ধারাবাহিকতায় আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে ভূমি অফিসের সেবা দানকারী কর্মকর্তাদের সঙ্গে সেবা গ্রহণকারী গ্রহীতাদের ব্যাপক গ্যাপ কাজ করছে। এখানকার কর্মকর্তারা সেবা গ্রহীতাদের সঠিকভাবে জানাচ্ছে না যে কোন কাজটায় কতোটা সময় লাগতে পারে অর্থাৎ তাদের মধ্যে গ্যাপ অনেক। এককথায় বলাচলে আমলাতান্ত্রিক যে মনোভাব এটা এখনো বিরাজমান। মূলত প্রজাতন্ত্রে কর্মকর্তা বা কর্মচারী হিসেবে জনগণের সাথে যে সম্পৃক্ততা থাকার কথা সেটা হয়ে উঠছে না। সেইসব বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো। আজকে পরিদর্শনে এসে সে সমস্যাগুলো চোখে পড়েছে সেগুলো বিধি অনুসারে ব্যবস্থা নিবো। আমাদের এই পরিদর্শনের কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে।