নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনী এলাকায় আনারকলি ট্রেডার্স এন্ড ফিড প্লাস্টিক নামক একটি বালুর গদিতে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা গদিতে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যান।
২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় এ লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় বালুর গদির মালিক সুমাইয়া বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন আঁটি ওয়াবদা কলোনি এলাকার মৃত রজ্জব আলীর ছেলে মো. জলিল (৬০) ,মৃত আব্দুল হালিমের ছেলে বুল্লু (৪০), জাহাঙ্গীর (৪৫), ইদ্রিস আলী (৪৫), শরিফুল ইসলাম ৫০ সহ অজ্ঞাত ১০-১২ জন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, প্রধান অভিযুক্ত জলিলের নেতৃত্বে অন্য অভিযুক্তরা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ভুক্তভোগীর বালুর গদিতে জোরপূর্বক প্রবেশ করে গদিতে থাকা কর্মরত কর্মচারী রুবেল, ইমাম, শাহিন আক্তারকে বেধড়ক মারধর চালায়। কর্মচারীদের মারধরের একপর্যায়ে টেবিল, চেয়ার ফার্নিচারসহ যাবতীয় আসবাপত্র ভাংচুর চালিয়ে ক্যাশ বাক্স থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী সুমাইয়া আক্তার বলেন, জলিল দীর্ঘদিন ধরে আমাদের বালুর গদি দখল নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। ইতিপূর্বেও তার পালিত সন্ত্রাসীরা দ্বারা একাধিকবার হামলা চালিয়ে ভাংচুর করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, জমিজমার ঝামেলা নিয়ে গতকাল এই ঘটনা ঘটেছিল। আমরা তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। অভিযোগ দায়ের হয়েছে তদন্ত চলমান।



































আপনার মতামত লিখুন :