নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ।
বুধবার (৪ মার্চ) দুপুর সাড়ে ২টার দিকে মহাসড়কের দক্ষিণ পাশে কয়েকশ ফুট এলাকা জুড়ে ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত করতে এ অভিযান চালানো হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ টি আই জুলহাস উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়। এ সময় সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দখলদারদের সতর্ক করা হয়।
তবে অভিযানের কিছুক্ষণ পরেই আবারো মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে দোকান বসাতে দেখা যায়।
বিভিন্ন মার্কেটের দোকানদার ও পথচারীরা জানান, মহাসড়ক দখল করে দোকানপাট গড়ে তোলার কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। অবৈধভাবে রাস্তার ওপর দোকান বসায় যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পুলিশ মাঝেমধ্যে অভিযান চালালেও সেটাকে আইওয়াশ বলছেন সাধারণ মানুষ।।
শিমরাইল হাইওয়ে ক্যাম্প ইনচার্জ টি আই জুলহাস উদ্দিন বলেন, মহাসড়কে অবৈধভাবে দোকানপাট বসলে যানজট সৃষ্টি হয় এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। পবিত্র রমজান মাসে সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। তবে উচ্ছেদ অভিযান সমন্বিতভাবে করলে মহাসড়ক দখলমুক্ত রাখা সম্ভব বলে মনে করেন তিনি।






































আপনার মতামত লিখুন :