News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

আইভীকে ঘিরে জমবে নাসিকের ভোটের অঙ্ক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬, ০৯:৫৬ পিএম আইভীকে ঘিরে জমবে নাসিকের ভোটের অঙ্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হলেও এখনো একটি নামকে ঘিরে পুরোপুরি পরিষ্কার নয় নির্বাচনী মাঠের হিসাব। আর তিনি হলেন, সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। কারামুক্তির পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকাশ্য রাজনৈতিক কর্মকাÐে তাকে আগের মতো সক্রিয় দেখা যায়নি। তবে তার এই নীরবতাই নাসিক নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়িয়ে দিয়েছে কৌতূহল।

আইভী নিজে নির্বাচনে অংশ নেবেন কি না, আবার প্রার্থী না হলে কোনো পক্ষ বা প্রার্থীর প্রতি অবস্থান নেবেন কি না এখনো কোনো বিষয়েই তার পক্ষ থেকে স্পষ্ট বার্তা আসেনি। ফলে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিজেদের প্রস্তুতির পাশাপাশি আইভীর অবস্থানও হিসাবের মধ্যে রাখতে হচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, এই হিসাব আরও জটিল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নগর রাজনীতিতে আইভীর প্রভাবের পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক পথচলা। নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর টানা তিনবার মেয়র নির্বাচিত হন তিনি। দীর্ঘ সময় নগর প্রশাসনের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার সরাসরি যোগাযোগ তৈরি হয়েছে। ফলে নির্বাচনী রাজনীতিতে তার ব্যক্তিগত পরিচিতি ও সমর্থকদের অবস্থান এখনো আলোচনার বাইরে রাখা যাচ্ছে না।

এবারের পরিস্থিতি অবশ্য আগের নির্বাচনগুলোর মতো নয়। রাজনৈতিক বাস্তবতায় এসেছে পরিবর্তন, বদলেছে দলীয় সমীকরণও। নতুন করে অনেকেই নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন। কেউ দলীয় পরিচয়, কেউ ব্যক্তিগত জনপ্রিয়তা, আবার কেউ সাংগঠনিক শক্তির ওপর ভর করে প্রস্তুতি নিচ্ছেন। এই পরিস্থিতিতে আইভীর অবস্থান প্রকাশ্যে এলে সম্ভাব্য প্রার্থীদের হিসাবেও পরিবর্তন আসতে পারে।

রাজনৈতিক মহলের আলোচনায় তিনটি সম্ভাবনা সামনে আসছে। প্রথমত, আইভী নিজেই নির্বাচনে অংশ নিতে পারেন। দ্বিতীয়ত, তিনি নির্বাচনে না দাঁড়িয়ে কোনো প্রার্থীকে সমর্থন করতে পারেন। তৃতীয়ত, তিনি আপাতত নির্বাচনী রাজনীতির বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন। তিনটি পরিস্থিতির প্রতিটিই নাসিকের ভোটের মাঠে আলাদা প্রভাব ফেলতে পারে।

আইভী নিজে প্রার্থী হলে স্বাভাবিকভাবেই তাকে কেন্দ্র করে নতুন প্রতিদ্ব›িদ্বতার হিসাব তৈরি হবে। তার দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতি, সাবেক মেয়র হিসেবে অভিজ্ঞতা এবং ব্যক্তিগত যোগাযোগ তখন নির্বাচনী আলোচনার বড় অংশ হয়ে উঠবে। অন্যদিকে তিনি প্রার্থী না হয়ে কোনো নির্দিষ্ট প্রার্থীর পাশে দাঁড়ালে সেই প্রার্থীর জন্য তার সমর্থকদের অবস্থান কতটা কার্যকর হয়, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আবার আইভী যদি পুরোপুরি নীরব থাকেন, তাহলে সম্ভাব্য প্রার্থীদের নিজেদের শক্তি, সংগঠন ও ভোটারদের সঙ্গে যোগাযোগের ওপরই বেশি নির্ভর করতে হবে। তবে সেক্ষেত্রেও তার অনুসারী ও সমর্থকদের একটি অংশ কোন দিকে যাচ্ছে, সেটি নিয়ে আলোচনা থাকবে। কারণ ব্যক্তিগতভাবে আইভীর সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করা অনেক নেতাকর্মী এখনো তার পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন।

এরই মধ্যে নগরীর বিভিন্ন রাজনৈতিক মহলে আইভীর সঙ্গে কারা যোগাযোগ রাখছেন, তার সঙ্গে কারা দেখা করছেন এবং তিনি ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন এসব নিয়েও নানা আলোচনা চলছে। তবে এসব আলোচনার বড় অংশই রাজনৈতিক মহলের অনুমাননির্ভর। আইভীর পক্ষ থেকে প্রকাশ্যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত জানানো না হওয়ায় এসব বিষয়ে নিশ্চিত কোনো বক্তব্যও পাওয়া যাচ্ছে না।

তবে একটি বিষয় স্পষ্ট নাসিক নির্বাচনের সম্ভাব্য অঙ্কে আইভীর নাম বাদ দিয়ে হিসাব করা সহজ হবে না। তিনি প্রার্থী হলে এক ধরনের সমীকরণ, সমর্থন দিলে আরেক ধরনের সমীকরণ এবং নীরব থাকলে তৃতীয় ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণে সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও তার রাজনৈতিক অবস্থান নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

নগরীর রাজনীতিতে আইভীর দীর্ঘ উপস্থিতির কারণে তার সিদ্ধান্ত শুধু একটি প্রার্থিতা বা সমর্থনের প্রশ্নে সীমাবদ্ধ থাকবে না। তার সঙ্গে থাকা নেতাকর্মীদের অবস্থান, বিভিন্ন ওয়ার্ডে ব্যক্তিগত যোগাযোগ এবং তার প্রতি ভোটারদের বর্তমান মনোভাব সবকিছুই নির্বাচনের সময় আলোচনায় আসতে পারে। তবে শেষ পর্যন্ত এসবের কতটা ভোটে রূপ নেবে, তা নির্ভর করবে নির্বাচনী পরিবেশ, প্রার্থী তালিকা ও ভোটারদের সিদ্ধান্তের ওপর।

কারামুক্তির পর আইভীর প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা সীমিত থাকলেও নাসিক নির্বাচন যত সামনে আসছে, তাকে ঘিরে আলোচনা ততই বাড়ছে। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের প্রস্তুতি নিচ্ছেন, রাজনৈতিক দলগুলোও নানা হিসাব করছে। ফলে নাসিকের নির্বাচনী মাঠে এখনো আনুষ্ঠানিক লড়াই শুরু না হলেও অঙ্ক কষা শুরু হয়ে গেছে। আর সেই অঙ্কে আইভীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। তিনি প্রার্থী হবেন, কাউকে সমর্থন করবেন নাকি আগের মতো নীরব থাকবেন সেটি স্পষ্ট হলেই হয়তো অনেক হিসাবের চিত্র বদলে যাবে। তাই নাসিকের ভোটের মাঠে প্রার্থীদের লড়াইয়ের পাশাপাশি আইভীকে ঘিরেও জমতে শুরু করেছে নতুন রাজনৈতিক অঙ্ক।