নারায়ণগঞ্জের রাজনীতিতে শিল্পপতি ও ব্যবসায়ী নেতাদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিএনপির সঙ্গে সম্পৃক্ত শিল্পপতি শাহ আলম (বহিস্কৃত) ও মডেল ডি ক্যাপিটাল গ্রæপের কর্ণধার বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চলছে। রাজনৈতিকভাবে প্রভাবশালী ও আর্থিকভাবে সক্ষম এই দুই ব্যক্তিকে বিএনপি যথাযথভাবে কাজে লাগাতে পারছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ও জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃত্বকে দায়িত্ব দেওয়ার সুযোগ ছিল। তাঁদের মতে, দলীয় রাজনীতির পাশাপাশি ব্যবসায়ী সমাজের সঙ্গে যোগাযোগ, অর্থনৈতিক সক্ষমতা এবং সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে সাধারণ মানুষের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা আরও বাড়ানো সম্ভব হতো।
নারায়ণগঞ্জের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নেতৃত্বে অতীতে আওয়ামী লীগ ঘরানার নেতাদের দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের কর্মকাণ্ড এখনো স্থানীয় রাজনৈতিক আলোচনায় রয়েছে। নগর উন্নয়ন, সড়ক, অবকাঠামো ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কারণে তাঁদের সময়ের কিছু উদ্যোগ সাধারণ মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে।
এ অবস্থায় বিএনপির ভেতরে এমন আলোচনা রয়েছে, আইভী ও আনোয়ার হোসেনের সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের বিপরীতে নিজেদের সামাজিক ও উন্নয়নমূলক ভূমিকা তুলে ধরতে পারেন শিল্পপতি শাহ আলম ও মাসুদুজ্জামান মাসুদ। ব্যবসায়ী পরিচয়ের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা বাড়ানো গেলে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন কেউ কেউ।
অন্যদিকে মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জের ব্যবসায়ী অঙ্গনে পরিচিত মুখ। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এবং মডেল ডি ক্যাপিটাল গ্রুপের কর্ণধার। ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনি বিএনপির দলীয় সদস্যপদ গ্রহণ করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবেও তাঁর নাম আলোচনায় আসে। ফলে ব্যবসায়ী সমাজের পাশাপাশি দলীয় রাজনীতিতেও তাঁর অবস্থান নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বহিস্কার হওয়া শিল্পপতি শাহ আলমকে নিয়েও বিএনপির স্থানীয় রাজনীতিতে আলোচনা রয়েছে। দলীয় অবস্থান, বহিষ্কারের সিদ্ধান্ত এবং বর্তমান সাংগঠনিক সিদ্ধান্ত আসছে দ্রুত সময়ে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অন্যদিকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাখাওয়াত হোসেন খান এবং মার্চে মামুন মাহমুদ দায়িত্ব গ্রহণ করেন।
দলীয় কয়েকজন নেতার মতে, প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করলেও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, নাগরিক সমস্যা চিহ্নিত করা এবং উন্নয়ন কর্মকাণ্ডের দৃশ্যমানতা আরও বাড়ানো প্রয়োজন। তাঁদের দাবি, শুধু প্রশাসনিক দায়িত্ব পালন করলেই হবে না, জনগণের কাছে পৌঁছে তাদের প্রত্যাশা পূরণ করতে হবে।
নারায়ণগঞ্জের রাজনীতিতে ব্যবসায়ী ও শিল্পপতিদের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। শিল্পকারখানা, কর্মসংস্থান, ব্যবসায়ী সংগঠন এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁদের সরাসরি সম্পৃক্ততা থাকায় সাধারণ মানুষের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা তৈরির সুযোগ রয়েছে। এ কারণে শাহ আলম ও মাসুদুজ্জামান মাসুদের মতো শিল্পপতিদের দলীয় কর্মকাণ্ড ও জনসম্পৃক্ত উন্নয়ন কার্যক্রমে আরও সক্রিয় করার পক্ষে মত দিচ্ছেন স্থানীয় বিএনপির কেউ কেউ। তাঁদের মতে, যোগ্যতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হলে দলীয় রাজনীতির বাইরেও বিএনপির একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হতে পারে।
তবে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয়ের পাশাপাশি প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবার অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে নারায়ণগঞ্জ বিএনপির সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নবর্তমান প্রশাসকদের মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ হচ্ছে এবং দলের সঙ্গে সম্পৃক্ত শিল্পপতি ও ব্যবসায়ী নেতাদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড আরও কীভাবে সম্পৃক্ত করা যায়। শাহ আলম ও মাসুদুজ্জামান মাসুদকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হওয়ায় স্থানীয় বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দায়িত্ব বণ্টন নিয়েও রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।

















(44)-20261120153333.jpg)











(36)-20261118075238.jpg)




আপনার মতামত লিখুন :