News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কদমরসুল সেতু : আন্দোলনের প্রস্তুতি নাগরিক সংগঠনগুলোর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ১০:২৪ পিএম কদমরসুল সেতু : আন্দোলনের প্রস্তুতি নাগরিক সংগঠনগুলোর

নির্মাণাধীন কদমরসুল সেতুর নির্মাণকাজ সম্পন্ন করার দাবিতে এবার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন নারায়ণগঞ্জ ও বন্দরের সাধারণ নাগরিকেরা। ইতোমধ্যে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম নামের একটি সংগঠন কদমরসুল সেতুর নির্মাণ কাজের সুবিধার্থে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন। সেই সাথে নারায়ণগঞ্জ ও বন্দরের লাখ লাখ মানুষের স্বপ্ন নিয়ে নোংরা রাজনৈতিক খেলা না খেলার জন্য আহবান জানিয়েছেন।

সোমবার ২৩ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবন্ধকতা দূর করতে দায়িত্বে থাকা প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি দাবি জানিয়েছেন ফোরামের নেতৃবৃন্দ।

নাগরিক ফোরামের পাশাপাশি ধারাবাহিক ভাবে আরো বেশ কয়েকটি সংগঠন এ ব্যাপারে বিবৃতি দিবেন বলেও নিশ্চিত হওয়া গেছে। সেই সাথে সংগঠন গুলো নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন অতি দ্রুত তারা সকল সংগঠনের ব্যানারে কর্মসূচি ঘোষণা করতে পারেন বলেও নিশ্চিত হওয়া গেছে।

নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ও সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এক যৌথ বিবৃতিতে বলেন, কদম রসূল সেতু নারায়ণগঞ্জ ও বন্দরের লক্ষ লক্ষ মানুষের দাবির প্রতিফলন। তাই এই সেতু নিয়ে নোংরা রাজনীতি করার কোন সুযোগ নেই। অনেককেই দেখলাম কদম রসুল দরগাহ বা মাজারের সাথে কালীরবাজার চারারগোপ এলাকায় রাস্তার মাঝখানে থাকা এই মাজারে তুলনা করে যাচ্ছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই কদম রসুল দরগাহ নারায়ণগঞ্জের ইতিহাস স্বীকৃত ঐতিহ্য। যা দেশ ও দেশের বাহিরে নারায়ণগঞ্জকে গর্বিত ও সমৃদ্ধ করে তুলেছে। তাই কদম রসুল মাজারের সাথে এই মাজারের তুলনা করা চলে না। তারপরও এই মাজারকে গুরুত্বপূর্ণ মনে করা হলে ইসলাম ধর্মের বিধি-বিধান ও নিয়ম-কানুন মেনেই মাজারটিকে এখান থেকে সরিয়ে নেয়া হোক। কিন্তু এই মাজারকে ব্যবহার করে যদি কদম রসূল সেতুর নির্মাণ কাজ বন্ধ করার চেষ্টা করা হয় তাহলে নারায়ণগঞ্জ ও বন্দরের লক্ষ লক্ষ মানুষ তা প্রতিহত করতে যেকোনো কর্মসূচি দিতে বাধ্য হবে। কদম রসূল সেতুর কাজ বন্ধ করলে এই লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের রক্তক্ষরণ ঘটবে। তাই সেতু নির্মাণ কাজ চলমান রাখতে মাজার সরিয়ে নেওয়ার বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তারা আরও বলেন, আমরা কোন দাঙ্গা বা সহিংসতায় যেতে চাই না। আমরা চাই সেতুর কাজ চলমান রাখার জন্য মাজারটিকে ধর্মীয় নিয়ম অনুসারে এখান থেকে সরিয়ে নেয়া হোক। মাজারকে সামনে রেখে কোন ইস্যু তৈরি করে এই সেতুর নির্মাণ কাজ যদি বন্ধ করার অপচেষ্টা করা হয় তাহলে নারায়ণগঞ্জবাসী এর দাঁতভাঙ্গা জবাব দিবে। এই সেতু শুধু বন্দরবাসীর জন্যই নয়, নারায়ণগঞ্জবাসীর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেতুটি নারায়ণগঞ্জ ও বন্দরে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ফসল। বছরের পর বছর অপেক্ষার পর শুরু হওয়া এই সেতুর নির্মাণ কাজ কোন অবস্থাতেই বন্ধ করা যাবে না। যে সকল কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধি এর দায়িত্বে আছেন, তারা যেন সেতুর নির্মাণ কাজ চলমান রাখার জন্য একটি কার্যকর, সুষ্ঠু ও সহজ সমাধান দেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের পক্ষ থেকে আমরা তার জোর আহবান জানাচ্ছি।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নির্মাণাধীন কদম রসুল সেতুর পিয়ার পি-১ এর পাইলিং কাজের লক্ষ্যে মাজার স্থানান্তর ও দায়মুক্ত ভূমি হস্তান্তরে সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে চিঠি দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

গত ১৬ নভেম্বর কদম রসুল সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক হরিকিংকর মোহন্ত স্বাক্ষরিত একটি চিঠিতে এ সহযোগিতা চাওয়া হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুক্রবার ২০ নভেম্বর সকল পক্ষ থেকে নিয়ে বিষয়টি সমাধানের জন্য একটি আলোচনার আয়োজন করা হয়।

ওই আলোচনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও ছেলে আবুল কাউসার আশা, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মাজার কর্তৃপক্ষ এবং কদমরসুল সেতু কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

ওই মিটিং শেষে মাজারের ভেতরের সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে এমপি পুত্র আবুল কাউসার আশাকে রুক্ষ আচরণ করতে দেখা যায়। এ সময় তিনি প্রকল্প পরিচালক ও প্রকৌশলীদের বলতে শোনা যায় আপনারা এক সপ্তাহ সময় নিয়ে গেলেন এখানে কি করা সম্ভব হয় এটা নিয়ে আসতে বলছি। কিন্তু আপনি তো সম্ভাবনা নিয়ে আসলেন না। আপনি মন্ত্রণালয়ে লিখে দেন লোকাল এমপি বাধা দিছে।

আলোচনা সভায় উপস্থিত থাকা ব্যক্তিদের সূত্রে জানা যায়, সেতু কর্তৃপক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিলো আপাতত ভাবে মাজারের সমাধি অন্যত্র স্থানান্তর করে পিলার নির্মাণ কাজ সম্পন্ন করে আবারো পুনরায় সমাধি গুলো যথাস্থানে স্থাপন করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে সেতু কর্তৃপক্ষের এমন প্রস্তাবে এমপি অ্যাডভোকেট আবুল কালাম এবং সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সম্মত হলেও নারাজি দেন আবুল কাউসার আশা। তিনি কোন ভাবেই এখান থেকে এই সমাধি গুলো স্থানান্তরের ব্যাপারে রাজি নয়। প্রয়োজনে সরকারি কোষাগার থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

তবে সেতু কর্তৃপক্ষ জানান, এভাবে পিলারের কাজ করা সম্ভব হবেনা। শেষ পর্যন্ত কদমরসুল সেতুর নির্মাণ কাজটি ঝুলে থাকবে। এতে করে যেমন জনগণের ভোগান্তি সৃষ্টি হবে অন্যদিকে সরকারকে ভতুর্কি সহ সেতু প্রকল্পের নির্মাণ ব্যয় বৃদ্ধি পাবে।

এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে নাসিক কর্তৃপক্ষকে চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন শীতলক্ষ্যা নদীর উপর কদম রসুল সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন কাজ চলমান। যার ২৪ টি পিয়ার ও দুটি এবাটমেন্টের মধ্যে কেবল মাত্র একটি পি-১ ব্যতীত সকল অংশের পাইল নির্মাণ কাজ প্রায় শেষ।

প্রসঙ্গত, জানা গেছে, শহরের চারারগোপ থেকে বন্দরের একরামপুর দিয়ে ৭৩৫ কোটি ১৮ লাখ টাকা নির্মিত হচ্ছে দেশের সব থেকে বড় ক্যাবল স্টেড সেতু। ২০১৮ সালের ৯ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পায় কদম রসুল সেতুটি। দেড় কিলোমিটার দীর্ঘ সেতুটির মূল অংশ থাকবে নদীর ওপর বিশেষ তার দিয়ে ঝুলন্ত অবস্থায়। যার দৈর্ঘ্য হবে ৩৮০ মিটার। দুই পাশে পথচারীদের চলাচলের জন্য থাকবে ফুটপাত। ২০২৮ সাল নাগাদ সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে বর্তমানে চারারগোপ এলাকায় এই মাজারটি স্থানান্তর করতে লোকাল এমপি এবং তার ছেলের বাধার মুখে পুরো সেতুটিই এখন অনশ্চিয়তার মধ্যে পড়েছে।