নারায়ণগঞ্জে কয়েকদিনে ৫টি বাস, ২টি লেগুনা ও ২টি ট্রাকের অগ্নিসংযোগ করা হয়েছে। আওয়ামীলীগের নৈরাজ্যের শিকার হয়েছেন যানবাহন এমন তথ্য জানিয়েছেন ক্ষমতাসীন বিএনপি। অন্যদিকে লকডাউনের আগের দিন ১৮ নভেম্বর রূপগঞ্জের গোলাকান্দাইলে ২টি বাস, সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে ১টি বাস, ফতুল্লার চাঁদমারী ২টি লেগুনা, ১৯ নভেম্বর সোনারগাঁয়ের কাচঁপুরে ১টি বাস ও মীরেরটেক ১টি খড় বোঝাই ট্রাক এবং ২২ নভেম্বর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ১টি বাসে অগ্নিসংযোগ দিয়েছে দুবৃর্ত্তরা এমন তথ্য দিয়েছেন পুলিশ।
নভেম্বর মাসে মাত্র তিন দিনে বাস, ট্রাক ও লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় একের পর এক যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে পরিবহন মালিক ও শ্রমিকদের পাশাপাশি সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে কিংবা চলাচলের পথে যানবাহনে হঠাৎ আগুন দেওয়ার আশঙ্কায় এখন অনেকেই গণপরিবহনে চলাচল করতে ভয় পাচ্ছেন। আগুন লাগার সময় যাত্রীদের সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা, ব্যাগ, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যাওয়ার ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। প্রাণহানির আশঙ্কা তো রয়েছেই।
এদিকে এসব অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একাধিক মামলা করা হয়েছে। বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। কিছু ঘটনায় গ্রেপ্তারও হয়েছে। তবে অগ্নিসংযোগের পরিকল্পনা, অর্থের জোগান এবং নেপথ্যে থাকা নির্দেশদাতাদের শনাক্ত করা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তদন্তের অগ্রগতি ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে।
গত ১৮ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় মৌচাক ইউটার্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থ্রি স্টার পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ২০ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়।
একই দিন ১৮ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে ফতুল্লার চাঁদমারী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পার্কিং করে রাখা দুটি লেগুনায় অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশসহ ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে ১৯ নভেম্বর সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় একটি বাস এবং মীরেরটেক এলাকায় খড়বোঝাই একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ দুটি ঘটনায় সোনারগাঁ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলায় মোট ১৬৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় নভেম্বরের ১৯ তারিখকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় একের পর এক মামলা হলেও এসব ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে আলোচনা চলছে। মামলার এজাহারে অনেক রাজনৈতিক নেতাকর্মীর নাম এসেছে। তবে এজাহারে নাম থাকা মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছে, কারা অর্থ ও দাহ্য পদার্থ সরবরাহ করেছে এবং কারা ঘটনাস্থলে উপস্থিত থেকে অগ্নিসংযোগ করেছে। শুধু ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের গ্রেপ্তার করেই তদন্ত শেষ করা যাবে না। ঘটনার পরিকল্পনাকারী ও অর্থদাতাদের শনাক্ত করাও জরুরি। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ এসব অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করছে।
নারায়ণগঞ্জ থেকে ঢাকা, সোনারগাঁ, বন্দর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ বাস, ট্রাক ও লেগুনাসহ বিভিন্ন গণপরিবহনে যাতায়াত করেন। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী ও শিশুদের জন্য এসব যানবাহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু চলন্ত বা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যানবাহনে হঠাৎ আগুন দেওয়ার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যাত্রীবেশে কেউ যানবাহনে উঠে নাশকতা ঘটাতে পারে—এমন আশঙ্কাও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে।
পরিবহন শ্রমিকদের দাবি, কোনো যানবাহনে আগুন লাগলে চালক ও হেলপারদের পাশাপাশি যাত্রীদের দ্রুত নিরাপদে বের করে আনার ব্যবস্থা থাকতে হবে। একই সঙ্গে সড়কে সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে দ্রুত পুলিশকে জানানো প্রয়োজন।
অগ্নিসংযোগ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে নারায়ণগঞ্জে রাজপথে সক্রিয় অবস্থান নিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীদের তৎপরতা দেখা যায়। দলটির নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধের কথা জানিয়েছেন। মহানগর যুবদলের পক্ষ থেকেও পাড়া-মহল্লায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দেওয়া হয়েছে।
তবে রাজনৈতিক কর্মসূচি মোকাবিলার পাশাপাশি সাধারণ মানুষের জানমাল ও গণপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অগ্নিসংযোগে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি উঠেছে।
নারায়ণগঞ্জের পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ যাত্রীদের প্রত্যাশা, অগ্নিসংযোগের প্রতিটি ঘটনার দ্রæত তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হবে। গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, মহাসড়কের প্রবেশপথ ও যানবাহন পার্কিং এলাকায় নজরদারি বাড়ানো হবে। একই সঙ্গে যাত্রীবাহী যানবাহনে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা, চালক ও শ্রমিকদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষণ এবং সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত পুলিশের সহায়তা নেওয়ার ব্যবস্থা প্রয়োজন।
রাজনৈতিক কর্মসূচির নামে যানবাহনে আগুন দিয়ে সাধারণ মানুষের জীবন ও জীবিকা বিপন্ন করার অধিকার কারও নেই। নারায়ণগঞ্জে পরিবহন চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, পরিবহন মালিক ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত উদ্যোগ এখন জরুরি।

















(44)-20261120153333.jpg)











(36)-20261118075238.jpg)




আপনার মতামত লিখুন :