News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

এক ডজন মাদক কারবারী ও সন্ত্রাসীদের নিয়ন্ত্রন : ভয়ঙ্কর কাশিপুরের হাশেমবাগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ১০:২৯ পিএম এক ডজন মাদক কারবারী ও সন্ত্রাসীদের নিয়ন্ত্রন : ভয়ঙ্কর কাশিপুরের হাশেমবাগ
ছবিটি এআই দিয়ে তৈরি

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের হাশেমবাগ এলাকায় যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। কয়েক দিন পরপরই একেকটি ঘটনা ঘটে যাচ্ছে। যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা তো দূরের কথা পুলিশ সদস্যরা পর্যন্ত নিরাপত্তাহীনতায় রয়েছেন। তারা অভিযানে গিয়ে হামলার শিকার হচ্ছেন। শেষ পর্যন্ত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যাকাণ্ডেরও শিকার হয়েছেন। আর এসকল হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, এ জনপদের নিয়ন্ত্রক হলেন শহীদ ওরফে ডাকাত শহীদ। এছাড়াও আছেন বদু সুমন, কামাল, হৃদয়, ডেভিড, মুরগী রনি সহ কয়েকজন।

জানা যায়, গত ২২ নভেম্বর রাতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে হাসেমবাগ এলাকায় যান কনস্টেবল আনোয়ার ও এএসআই আব্দুল সাত্তার। এ সময় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি গ্রুপের সদস্যরা তাঁদের চিনে ফেলে। পরে আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সঙ্গে থাকা এএসআই আব্দুল সাত্তার পালিয়ে প্রাণে রক্ষা পান।

আনোয়ারের এই মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা আনোয়ারের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। নিহতের বড় ভাই শাহাবুদ্দিন বলেন, আনোয়ার সবার আদরের ছিল। তাঁর এই মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছি না। তাঁর স্ত্রী ও দুইটা বাচ্চা আছে। তাদের কী হবে।

এর আগে গত ৬ মে ফতুল্লার কাশিপুরের হাশেমবাগ এলাকায় অভিযানে গিয়ে একদল পুলিশ সদস্য অবরুদ্ধ পরিস্থিতিতে পড়েন। এ সময় পুলিশের হাতে আটক পাঁচ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। ওই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত না হলেও, অভিযানে গিয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে।

এদিন নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। পরে পুলিশের ওপর হামলা করে ওই পাঁচজনকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, বিকেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সোলায়মানের বাড়ি ভাঙচুর ও লুটপাট করার খবর পেয়ে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশিকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। তারা ধাওয়া দিয়ে আবদুল্লাহ ও তাঁর সহযোগীকে আটক করে এবং হাতকড়া পরায়। একই সঙ্গে লুট করা মালামাল বহনে জড়িত আরও তিনজনকে আটক করা হয়। পরে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তখন জনি নামের একজনের নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি ও রামদা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা হাতকড়াসহ আটক সবাইকে ছিনিয়ে নিয়ে যায়। আর এভাবে কয়েকদিন পরপরই কাশিপুরের হাশেমবাগ এলাকায় ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে।

ফতুল্লা এলাকার বাসিন্দা জাকির হোসেন নামে একজন বলেন, যেখানে সাধারণ মানুষ নিরাপদ নয়; সেখানে আমার মতো সাধারণ মানুষের কিভাবে নিরাপদ থাকবো? আমরা কার কাছে গেলে নিরাপদে থাকতে পারবো?

নারায়ণগঞ্জ জেলা ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি মুন্নী সরকার বলেন, বর্তমানে প্রায় সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীও যেন নিরাপত্তাহীনতায় রয়ছেন; যার প্রমাণ হয়েছে একজন পুলিশ হত্যকাণ্ডের মধ্য দিয়ে। এক্ষেত্রে রাষ্ট্রের ঘাটতিগুলো চিহ্নিত করে এসকল বিষয়ে কাজ করা উচিত।

নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী অ্যাডভোকেট কাজী মামুন বলেন, কয়েকদিন পরপরই পুলিশ সদস্যরা হামলার শিকার হচ্ছেন। মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেট অনেক বেশি শক্তিশালী হয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান করতে হবে। অভিযানগুলো হচ্ছে না বলেই এসকল হক্যাকাণ্ডের মতো ঘটনাগুলো ঘটে যাচ্ছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হলে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করার চেষ্টা করে। আইন-শৃঙ্খলা বাহিনীকে যত দূর্বল করা যায় দেশে তত বেশি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হবে। যে কারণেই আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমন করার চেষ্টা করছে। ৫ আগস্টের পর মনোবল কম ছিলো এখন সেটা বৃদ্ধি পাচ্ছে। প্রথমদিকে আমাদের ওপর আক্রমনের সংখ্যা বেশি ছিলো। এখন সেটা কমে আসছে।

তিনি আরও বলেন, পুলিশ কনস্টেবলকে হত্যার যে ঘটনা ঘটেছে সেটা বলা যায় দুর্ঘটনা ছিলো। ওই পুলিশ সদস্যের ধারণার বাইরে ছিলো যে এলাকায় গিয়েছে সেটা খারাপ প্রবণ এলাকা। তার আরও বেশি জনবল নিয়ে সেখানে যাওয়া উচিত ছিলো। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যারাই পুলিশের ওপর হামলা করেছে তারা কেউই ছাড় পায়নি। এই ঘটনাও যারা ঘটিয়েছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো।