News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৭


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ০৯:৩৯ পিএম সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও কিশোর-কিশোরীসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শিমরাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎‎পুলিশ জানায়, দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এলাকায় অবস্থিত ‘হোটেল শীতলক্ষ্যা আবাসিক’ নামের চারতলা ভবনে অভিযান চালানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মোহাম্মদ শামীম হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারী, একজন ১৬ বছর বয়সী কিশোরী, ১৩ জন পুরুষ ও ১৭ বছর বয়সী এক কিশোরসহ মোট ১৭ জনকে আটক করা হয়।
‎

‎পরে যাচাই-বাছাই করে বয়স কম হওয়ায় ওই কিশোর ও কিশোরীকে তাদের পরিবারের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। আটক অপর ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
‎

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে দুই অপ্রাপ্তবয়স্ককে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।