News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে মহানগর ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ০৯:০১ পিএম দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে মহানগর ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং প্রভাত সমাজ কল্যাণ সংস্থা। মানবিকতা, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার বার্তা নিয়ে আয়োজিত এ কর্মসূচির চতুর্থ দিনে প্রায় ৩০০ অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ মহানগরের নতুন পালপাড়া শ্রীশ্রী সত্যধাম রামঠাকুর মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পালের সভাপতিত্বে এবং জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার অর্থ পরিচালক ভজন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি ননী গোপাল সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার এস এম আরিফ মিহির, নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব দীল মোহাম্মদ দীলু, নারায়ণগঞ্জ বৌদ্ধ বিহার ও নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা পঞ্চাননা ভিক্ষু, নারায়ণগঞ্জ জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি হরি সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, ঐক্য পরিষদের নেতা ও সাংবাদিক রঞ্জিত মোদক, সহ সভাপতি বিশ্বজিৎ সাহা,  জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমন, জেলা ঐক্য পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য গোবিন্দ চন্দ্র দাস ও কৃষ্ণপদ মজুমদার, মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাতের পরিচালক রিপন কর্মকার।

প্রধান অতিথির বক্তব্যে ননী গোপাল সাহা বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য প্রকাশ। উৎসবের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষও সেই আনন্দের অংশীদার হতে পারেন। নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে। সমাজের বিত্তবানসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।”