News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ বিরোধী মিছিলে দেখা যায়নি আনোয়ারকে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ০৯:১০ পিএম আওয়ামী লীগ বিরোধী মিছিলে দেখা যায়নি আনোয়ারকে

আওয়ামী লীগ বিরোধী মিছিলে দেখা যায়নি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানকে। নারায়ণগঞ্জ আদালতপ্রাঙ্গনে আওয়ামী লীগের বিরুদ্ধে কর্মসূচি পালিত হলেও এইচ এম আনোয়ার প্রধান সেখানে অনুপস্থিত ছিলেন। একই সাথে তার অনুসারীদেরও সেখানে দেখা যায়নি। অথচ নিজের শক্তি প্রদর্শনের বেলায় ঠিকই বড় শোডাউন করেছেন। নিজের শক্তিমত্তার জানান দিয়েছেন। যা নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আদালত প্রাঙ্গনে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার প্রতিবাদে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। আর এই কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন।

সেই সাথে কর্মসূচিকে কেন্দ্র করে আইনজীবীরা আইনজীবী সমিতির সামনে সমাবেশ এবং আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করেন। কিন্তু এই পুরো কর্মসূচিজুড়েই জলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান সহ তার অনুসারীদের একেবারেই দেখা যায়নি। তারা যেন এদিন আদালতপাড়াতেই উপস্থিত ছিলেন না।

এর আগে গত ১৩ অক্টোবর তুহিন হত্যা মামলায় নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের জন্য দিন ধার্য্য ছিল। শুনানিকালে তার আইনজীবী পুনর্জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। শুনানি শেষে বের হয়ে গাড়িতে উঠার সময়ে নেতাকর্মীবেষ্টিত ছিলেন আইভী। তখন তিনি স্লোগান ধরেন। বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা’। এ স্লোগান দিয়েই তিনি গাড়িতে চড়েন। তখন নেতাকর্মীরাও 'জয় বাংলা' স্লোগান দেন।

আইভীর এই স্লোগান দেয়াকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন পর্যায়ের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে থাকেন। কিন্তু এক্ষেত্রে একেবারেই যেন নিরব ভূমিকায় রয়েছেন অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান সহ তার অনুসারীরা। তাদের কোনো তৎপরতাই পরিলক্ষিত হচ্ছে না।

তবে এই স্লোগান দেয়ার দিনই মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে শহরের লিংক রোডে কালো পতাকা মিছিল করেছিলেন। কালো পতাকা মিছিলের মাধ্যমে বেশ বড় করেই শোডাউন করেছেন। আইনজীবীদের ছাড়াও মিছিলে বিভিন্ন পর্যায়ের লোকজনের উপস্থিতি ছিলো। মূলত মিছিলের মাধ্যমে নিজের শক্তি প্রদর্শনই তার প্রধান উদ্দেশ্য ছিলো।

আর এই মিছিলটি মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে অসদাচরণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিতের প্রতিবাদ জানিয়ে মিছিলের আয়োজন করেছিলেন।

তারা মহানগর বিএনপির সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেই এই কর্মসূচির আয়োজন করেছিলেন। দলের সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা করে কর্মসূচি পালন করলেও আওয়ামী লীগের বিরুদ্ধে তার কোনো অবস্থান পরিলক্ষিত হচ্ছে না।