News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো বেসরকারি প্রাথমিক বৃত্তি চালু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৩:৩০ পিএম জেলা পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো বেসরকারি প্রাথমিক বৃত্তি চালু

প্রথমবারের মতো নারায়ণগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে বেসরকারি প্রাথমিক বৃত্তি চালু হয়েছে। জেলার ২০০ বেসরকারি কিন্ডারগার্টেন থেকে ১৬৭২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে এবং বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার তিনটি এবং বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলার একটি করে মোট ৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে শনিবার সকালে এবং বিকেলে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

আফরোজা আক্তার এলিজা নামে একজন অভিভাবক বলেন, এই পরীক্ষা বাচ্চাদের জন্য অনেক উপকারে আসবে। সেই সাথে বাচ্চারা ব্যাপক আগ্রহ সহকারে হাসিখুশি ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আশা করি বাচ্চারা এখান থেকে ভালো অভিজ্ঞতা অর্জন করে সরকারি বৃত্তি পরীক্ষাতেও তারা ভালো করবে।

বর্ণমালা একাডেমী কিন্ডারগার্টেন হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক খোরশেদ আলম বলেন, এই বৃত্তি পরীক্ষার আয়োজন করায় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থীরা ব্যাপক আগ্রহ সহকারে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আশা করি এই বৃত্তি পরীক্ষা প্রতি বছর অব্যাহত থাকবে। সেই সাথে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে।

এন আলম ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. নূরুল আলম বলেন, এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তারা সরকারি বৃত্তি পরীক্ষাতেও ভালো করবে আশা করি।

এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা যেন বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে আমরা একটা স্পেশাল বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। এতে করে নারায়ণগঞ্জের সকল বেসরকারি স্কুল এবং কিন্ডারগার্টেন গুলোর ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ হয়েছে। আমি মনে করি এই বৃত্তি পরীক্ষা বাচ্চাদের ভবিষ্যত গঠনে মাইলফলক হিসেবে থাকবে। জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের আর্থিক বৃত্তি এবং সনদ প্রদান করা হবে। এতে করে তাদের চলার পথ আরও মজবুত হবে।