News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে শান্ত নারায়ণগঞ্জ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১২:১৬ পিএম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে শান্ত নারায়ণগঞ্জ

কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রভাব পড়েনি রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জে। ১৯ নভেম্বর সকাল হতেই নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর জীবনযাত্রা ছিল স্বাভাবিক। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে মানুষের উপস্থিতি কম ছিল।

তবে এদিন ভোরে সোনারগাঁয়ে একটি যাত্রীবাহী বাসে যাত্রী নামিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গভীর রাতে এশিয়ান হাইওয়েতে খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল ছিল স্বাভাকি। একই রুটে বাস চলাচলও স্বাভাবিক ছিল। কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল হতে যথারীতি সকল রুটের লঞ্চ চলাচল করেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকাল থেকে নারায়ণগঞ্জ অংশে যান চলাচল ছিল একেবারেই স্বাভাবিক। শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড এলাকায় সকাল থেকেই দেখা গেছে নিয়মিত যানবাহনের চলাচল ও জনসাধারণের স্বাভাবিক গতি।

মহাসড়কে স্থানীয় বাস, ট্রাক, পিকআপ ও প্রাইভেটকার নির্বিঘ্নে চলাচল করছে। তবে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংখ্যা তুলনামূলকভাবে কম। পথচারীরাও নির্ভয়ে যাতায়াত করছেন, কোথাও কোনো বিশৃঙ্খলা বা নাশকতার খবর পাওয়া যায়নি।

বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের মহড়া দিতে দেখা গেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, পুরো জেলাজুড়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।