News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শহরে বিদ্যুতের খুঁটিতে তারের জঞ্জাল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১০:১১ পিএম শহরে বিদ্যুতের খুঁটিতে তারের জঞ্জাল

নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা অসংখ্য বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিশ লাইনের তার নিয়ে বাড়ছে উদ্বেগ। একই খুঁটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অসংখ্য তার পেঁচিয়ে রাখায় একদিকে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে তৈরি হচ্ছে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি। এমন পরিস্থিতিতে তারের জঞ্জাল অপসারণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।

শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটিতে এলোমেলোভাবে ঝুলে রয়েছে বিভিন্ন ইন্টারনেট ও ক্যাবল টেলিভিশন প্রতিষ্ঠানের সংযোগ তার। অনেক স্থানে এসব তার একটির সঙ্গে আরেকটি পেঁচিয়ে জটলা তৈরি করেছে। দীর্ঘদিন ধরে অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত তার অপসারণ না করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

এর আগে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বিদ্যুতের খুঁটিতে থাকা তারের জঞ্জালে আগুন লাগার ঘটনা ঘটে। ওই ঘটনায় আগুন ভয়াবহ রূপ ধারণ করায় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন নগরবাসী।

বৈদ্যুতিক সংযোগে ত্রুটি, শর্টসার্কিট কিংবা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হলে আশপাশের তারে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। এতে সড়কে চলাচলকারী পথচারী ও যানবাহনের যাত্রীরা বিপদের মুখে পড়তে পারেন। পাশাপাশি ঝড় কিংবা ভারী যানবাহনের ধাক্কায় তারসহ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়লে প্রাণহানি ও যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।

২ নম্বর রেলগেটের মতো গুরুত্বপূর্ণ এলাকায় তারের জঞ্জালে আগুন লাগার ঘটনার পরও কেন পুরো শহরের ঝুঁকিপূর্ণ তার অপসারণে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হচ্ছে না? নগরীর সৌদর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা কোথায়?

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস এবং ইন্টারনেট ও ক্যাবল অপারেটরদের সমন্বয়ে দ্রুত অভিযান পরিচালনা করতে হবে। ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত তার অপসারণের পাশাপাশি প্রয়োজনীয় তারগুলো সুশৃঙ্খলভাবে স্থাপন এবং নিয়মিত তদারকির ব্যবস্থা করতে হবে। অন্যথায় তারের এই জঞ্জাল যেকোনো সময় বড় ধরনের অগ্নিকান্ড কিংবা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।