নারায়ণগঞ্জের বন্দরে নবীগঞ্জ রেলস্টেশন থেকে মদনপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। বিশেষ করে তালতলা এলাকায় সন্ধ্যা নামার পর থেকে ভোর পর্যন্ত আতঙ্কের পরিবেশ বিরাজ করে বলে অভিযোগ স্থানীয়দের।
অটোরিকশা ও মিশুক ছিনতাই, চালকদের মারধর এবং চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার মতো কৌশল ব্যবহারের অভিযোগও উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, নির্জন সড়ক ও পর্যাপ্ত আলোর অভাবকে কাজে লাগিয়ে ছিনতাইকারীরা বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের টার্গেট করছে। এতে রাতের বেলায় জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষও নিরাপত্তাহীনতায় পড়ছেন।
গত দুই দিন আগে তালতলা এলাকায় এক অটোরিকশাচালকের ওপর হামলা ও তাঁর অটো ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এক ভুক্তভোগীর স্বজনের বর্ণনা অনুযায়ী, রাত আনুমানিক ১১টার দিকে ওই চালককে মারধর করে শরীরে ও চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে তিনি দিশেহারা অবস্থায় দাশেরগাঁও এলাকার একটি চাকার দোকানের কাছে এসে পড়ে যান। এ সময় স্থানীয় এক তরুণ তাঁকে দেখতে পেয়ে বাড়ির কাছের দোকানে নিয়ে যান। পানি দিয়ে শরীর পরিষ্কার করার পর কিছুটা সুস্থ হলে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তাঁর স্ত্রী এসে তাঁকে বাড়িতে নিয়ে যান।
ওই ভুক্তভোগীর স্বজন আরও জানান, কয়েক দিন আগে তাঁদের পরিবারের এক নারী সদস্য অটোরিকশায় যাতায়াত করার সময় দুর্বৃত্তরা মাঝপথে গাড়ি থামিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। একই এলাকায় একের পর এক এমন ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, এটি এখন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং রাতের বেলায় চলাচলকারী অটোরিকশাচালক ও যাত্রীরা নিয়মিত ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তালতলা এলাকার নির্জন সড়কগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে তালতলা ও আশপাশের এলাকায় টনি মেগা সিটি পার্ককে কেন্দ্র করে মানুষের যাতায়াত ও বিনোদনকেন্দ্রিক চলাচল বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পার্কে আসা-যাওয়ার পথে ছিনতাইয়ের আতঙ্ক থাকলে দর্শনার্থীদের উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হলে বিনোদনকেন্দ্রটির স্বাভাবিক পরিবেশও ব্যাহত হতে পারে।
এর আগেও মদনপুর-নবীগঞ্জ সড়কে ছিনতাইয়ের একাধিক ঘটনা সংবাদমাধ্যমে উঠে এসেছে। চলতি বছরের ২৩ ফেব্রæয়ারি ল²ণখোলা এলাকায় এক বিকাশ ডিস্ট্রিবিউটারের কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই বছরের ৩ আগস্ট বন্দরে এক ঘণ্টার ব্যবধানে চারটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ছাড়া ২ অক্টোবর তালতলা বনগাঁও এলাকায় মাদক ও ডাকাতির বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। তাঁদের পক্ষ থেকে এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিও জানানো হয়।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তালতলা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এলাকার বিভিন্ন সড়কে চলাচল করতে গিয়ে আতঙ্কে থাকছেন পথচারী, অটোরিকশা ও মিশুকচালকরা। এ পরিস্থিতিতে অপরাধ দমনে তালতলায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
তালতলায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে অপরাধ নিয়ন্ত্রণ, দ্রুত পুলিশি সেবা এবং রাতের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি নবীগঞ্জ থেকে মদনপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের নিয়মিত টহল, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা জানিয়েছেন, তালতলায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলছে। দ্রুত সময়ে বাস্তবায়ন করে সকল সমস্যা সমাধান করা হবে।
















(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)



(20)-20261112072127.jpg)




(31)-20261116072622.jpg)




(28)-20261115055902.jpg)


(23)-20261113124936.jpg)

আপনার মতামত লিখুন :