News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জ আসবেন জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:৩৯ পিএম নারায়ণগঞ্জ আসবেন জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসবেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। তার উপস্থিতি এবং আগমনকে ঘিরে দলীয় নেতৃবৃন্দরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। 

বুধবার ৪ (ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল সংলগ্ন ট্রাক স্ট্যান্ডে  নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করবেন মহানগর জামায়াতের আমির আব্দুল জব্বার।

দলীয় সূত্রে জানা গেছে, আয়োজিত জনসভায় অন্তত ৩০-৩৫ হাজার ভোটার ও সমর্থক উপস্থিতির আশাবাদী দলীয় নেতাকর্মী। উক্ত আয়োজনে গোলাম পরওয়ার নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনের মনোনীতদের জনসম্মুখে পরিচয় করিয়ে দিবেন। 

এদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা ও আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসেন ভুঁইয়া জানান, মিয়া গোলাম পরওয়ার উপস্থিত থাকবেন। আমরা আশাবাদী মানুষের ব্যাপক উপস্থিতি থাকবে।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার জানিয়েছেন, মহানগর ও জেলার উদ্যোগে জনসভার আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আমাদের মনোনীত ও জোট সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। পোগ্রামে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ উপজেলার মানুষের উপস্থিতি থাকবে।