সারাদেশে এনসিপির নির্বাচনী জনসভার অংশ হিসেবে নারায়ণগঞ্জে আসতে যাচ্ছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। যেখানে থাকবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সব ঠিক থাকলে আগামী বৃহস্পতি অথবা শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লায় এনসিপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে পারে। তবে সময়, স্থান, এবং দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে দলটি।
জেলা জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম রিফাত বলেন, নারায়ণগঞ্জে এনসিপির জনসভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। শিডিউল অনুযায়ী ৫ ফেব্রুয়ারি সমাবেশ হবার কথা থাকলেও তা পিছিয়ে যাবার সম্ভাবনা আছে। মূলত অন্যান্য জেলা শেষ করে নারায়ণগঞ্জে সমাবেশ করবে এবং নারায়ণগঞ্জের পরেই ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কারনে কিছুটা বিলম্ব হতে পারে। তবে সমাবেশ নিয়ে আমাদের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে বেশ কয়েকটি স্থান নির্ধারন করা হয়েছে। তবে কুতুবপুর ইউনিয়ন এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হবার জোড়ালো সম্ভাবনা রয়েছে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ ৪ আসনে নির্বাচন করছে এবং বেশ ভালো সাড়া তৈরি করেছে। তাকে সহযোগীতা এবং জনমত তৈরিতে সমাবেশ বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রয়েছে আমাদের। নির্বাচনী গণসংযোগের পাশাপাশি সমাবেশ ঘিরেও আমাদের ব্যাপক প্রস্তুতি থাকবে।
এর আগে, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর পূর্বে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় হ্যা ভোটের পক্ষে গণসংযোগে আসেন আলোচিত এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এসময় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। সমাবেশ ঘিরে ফের হাসনাত আবদুল্লাহর আগমন ভোটারদের মাঝে চাঞ্চল্য তৈরি করবে বলে প্রত্যাশা করছেন এনসিপির নেতাকর্মীরা।
































আপনার মতামত লিখুন :