News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

২ ঘণ্টা পর এনসিপির এমপি আল আমিন উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:০৫ পিএম ২ ঘণ্টা পর এনসিপির এমপি আল আমিন উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াত ইসলামের এক ইফতার মাহফিল অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টদের দোসর আখ্যা’ দিয়ে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে মঙ্গলবার নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করে রাখা হয়। প্রায় ২ ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে পুলিশ প্রহরায় শহরের চাষাঢ়ায় এনসিপির কার্যালয়ে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী এবং বিসিক শিল্পনগরীর গার্মেন্ট ব্যবসায়ীরা জানায়, ফতুল্লার বিসিক শিল্পনগরীতে ব্যবসায়ী ও পেশাজীবিদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন জামায়াত ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পান এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সহ ব্যবসায়ী নেতা এবং জেলা ও মহানগর জামায়াত ইসলামের নেতৃবৃন্দ। সকল অতিথিদের বক্তব্য শেষে ইফতারের আগমুহূর্তে অনুষ্ঠানে হাজির হন এমপি আব্দুল্লাহ আল আমিন। তবে বিকেএমইএ'র সভাপতি হাতেমকে উপস্থিত দেখে মঞ্চে একসঙ্গে বসেননি এমপি আল আমিন। পরে এমপি মঞ্চে না গিয়ে পাশে দাড়িয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, আমি ফ্যাসিস্টের দোসরের সঙ্গে এক মঞ্চে বসব না। এ বক্তব্যের পরপরই অনুষ্ঠানে উত্তেজনা দেখা দেয়।

এসময় হাতেম সহ অন্য ব্যবসায়ী নেতা সকল ব্যবসায়ীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করলে তার প্রতিষ্ঠানের শ্রমিকেরা এমপি আল আমিনকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে অনুষ্ঠানস্থল ঘিরে ফেলে তারা প্রতিবাদ জানান। এমন খবর বিসিক শিল্পনগরীর বাহিরে গেলে হাজার হাজার লোকজন বিসিকে অবস্থান নেয়। পুলিশ রাত ৮টার দিকে আব্দুল্লাহ আল আমিনকে উদ্ধার করে গাড়িতে তোলে। পরে তাকে চাষাঢ়ায় অফিসে আনা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে এসপি স্যারের নির্দেশক্রমে আমাদের থানার পুলিশ, ডিবি পুলিশ সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত ৮ টার পর কঠোর নিরাপত্তার মাধ্যমে এমপি স্যারকে এনসিপির অফিসে পৌঁছে দেয়া হয়েছে।