News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জে যেন মাফিয়া ও গডফাদারের জন্ম না হয় : নাহিদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৮:০৬ পিএম নারায়ণগঞ্জে যেন মাফিয়া ও গডফাদারের জন্ম না হয় : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ আমলে নারায়ণগঞ্জকে মাফিয়া এলাকা হিসেবে পরিচিত করা হয়েছিল। গডফাদার ও মাফিয়ারা এখানকার রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করেছিলেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই গডফাদার ও মাফিয়ারা পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। নারায়ণগঞ্জে চাঁদাবাজি সন্ত্রাসীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। নারায়ণগঞ্জে যাতে নতুন করে কোনো গডফাদার বা মাফিয়া তৈরি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকব। ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে করতে পারে সাধারণ মানুষের নিরাপত্তায় আইনশৃঙ্খলায় সহযোগিতা করতে হবে। নারায়ণগঞ্জে যেন কোনো ধরনের ফ্যাসিস্টদের পুনর্বাসন না হয় সেদিকে সজাগ থাকতে হবে। নারায়ণগঞ্জের ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে হবে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টি প্রথম সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। শহরের চাষাঢ়া এলাকার ডাকবাংলোয় এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, সংসদ অধিবেশনে গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু সরকারি দল যারা আছে তারা গণরায় মানছে না। তারা নিজেদের মতো সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে। তাদের পক্ষে গেলে সংবিধানে পক্ষে আছে তাদের বিপক্ষে গেলে সংবিধানের পক্ষে নেই। আমরা এ দ্বিচারিতা বিগত আওয়ামী লীগ আমলে দেখেছি।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ একইভাবে সংসদকে উপেক্ষা করে সংবিধানকে দলীয়করণ করেছে। সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করেছে। একই প্রবণতা বর্তমান সরকারি দলের মধ্যে দেখছি। এই প্রবণতা যদি চলমান থাকে জনগণ তাদের রায় বাস্তবায়নের জন্য আবারও রাজপথে জানান দেবে। সেজন্য এনসিপিকে প্রস্তুত থাকতে হবে। রাজপথ থেকে সংসদে গিয়ে আমরা রাজপথ ভুলে যাবো না।

এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক মো. শওকত আলী ও নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।