জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম বলেছেন, দুইটি উপ নির্বাচনে বিএনপি সরকার মাগুরা স্টাইলে নির্বাচন উপহার দিয়েছে| তারা প্রমাণ করেছে তাদের মানসিকতার পরিবর্তন হয়নি| ফ্যাসিবাদী মানসিকতা তারা লালন করছে| দেশকে আবার তারা ফ্যাসিবাদের অন্ধকারে নিমজ্জিত করার চেষ্টা করছে|
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন| এদিন উৎসবমুখর পরিবেশে শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে|
এ টি এম মাসুম বর্তমান শিক্ষা ব্যবস্থা ও সামাজিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থার খুব খারাপ অবস্থা আমরা লক্ষ্য করছি| মোবাইল ও ইন্টারনেটে আসক্ত করে ছাত্রদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে| অন্যদিকে চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেই; দেশ যেন আবারও আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে|"
জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, যে জুলাইয়ের ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন দেশ পেয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে| এই দেশ তিতুমীর ও অলি-আউলিয়াদের দেশ| মুসলমানদের এই দেশকে রক্ষা করার জন্য আমাদের অঙ্গিকার করতে হবে|
সংগঠনের সদস্যদের (রুকন) চারিত্রিক দৃঢ়তার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন ওয়াদা ও অঙ্গীকার রক্ষায় কোনো প্রকার শিরক করা যাবে না| একজন রুকনের জীবনে কোনোভাবেই হারামের সংশ্লিষ্টতা থাকতে পারবে না| সমাজ পরিবর্তনের আগে নিজেদের পরিবারকে আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে| তাড়াহুড়ো করে ঘোলা পানিতে মাছ শিকার না করে জনগণকে আদরের সাথে সুশৃঙ্খলভাবে সংগঠনে নিয়ে আসতে হবে| জামায়াতের পাল্লা ভারী করতে মানুষের হতাশা দূর করে উদ্দীপনা ছড়িয়ে দিতে হবে|
নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, মহানগরী নায়েবে আমীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম|
মহানগরী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন| মহানগরীর কর্মপরিষদ সদস্যবৃন্দ, পেশাজীবী নেতাদের মধ্যে ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মাইনউদ্দিন মিয়া, ডক্টরস ফোরামের জেলা সভাপতি ডা. আলী আশরাফ খান এবং মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন সহ স্থানীয় নেতাকর্মীরা|


































আপনার মতামত লিখুন :