কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে মিছিল করা হয়েছে। মিছিলের ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) যেকোনো সময় দুই মহাসড়কের কাঁচপুরে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ পুত্র মহানগর যুবলীগ নেতা আজমেরী ওসমানে সমর্থকরা মিছিলটি করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া মিছিলটিতে অন্তত শতাধিক নেতাকর্মীকে মুখে মাস্ক পরিহিত অবস্থায় আওয়ামী লীগ, শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা শুভ শুভ শুভ দিন আওয়ামী লীগের জন্মদিন, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। তবে মিছিলকারীদের কারো পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে আওয়ামী যুবলীগের এই মিছিল সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরতরা অবগত নন বলে জানিয়েছেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, মিছিল সম্পর্কে আমার জানা নেই। খোঁজ নিয়ে জানার চেষ্টা করছি।
সোনারগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, আমি সকাল থেকে কাঁচপুর অবস্থান করছি। আমাদের এরিয়া কোনো মিছিল হয়নি। কাঁচপুর হতে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত আমাদের পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও কাঁচপুরের একাংশ সিদ্ধিরগঞ্জ পড়েছে। আমরা তথ্য নিচ্ছি।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, আমরা মিছিলের কোনো পোস্ট এখনো পাইনি। অনেক সময় পুরাতন মিছিলের ভিডিও দিয়ে পোস্ট করা হয়ে থাকে। আমরা খোজ নিচ্ছি।


































আপনার মতামত লিখুন :