News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

সেই প্রতিবাদী কণ্ঠ আর শোনা যায় না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১০:২০ পিএম সেই প্রতিবাদী কণ্ঠ আর শোনা যায় না

নারায়ণগঞ্জে এখন নানা অনিয়ম, অপরাধ, জুলুম হয় কিন্তু একজন সোচ্চার কণ্ঠস্বরের অভাব পরিলক্ষিত। এক সময়ে রাজপথে সোচ্চার থাকা আবদুর রহমানের অভাব অনেক ক্ষেত্রেই দেখা মিলছে। নাগরিক আন্দোলনে সব সময়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে এ শহরে বিআরটিসি বাস চলাচল, গণপরিবহনের বর্ধিত ভাড়া কমানোর আন্দোলন, মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার সহ অনেক কিছুতেই তিনি ছিলেন অবিচল। কিন্তু মৃত্যু থাকে আটকাতে পারেনি।

আবদুর রহমানের মৃত্যু হয়েছে দুই বছর। এ দুই বছরে নারায়ণগঞ্জে অনেক ঘটনা ঘটলেও আবদুর রহমানের মত কণ্ঠ আর বাজেনি। রাজপথেও দেখা মিলেনি একজন অগ্রনায়ককে।

জানা যায়, আবদুর রহমান স্বাধীনতার পূর্বে পাকিস্তান রাষ্ট্র ও সরকার বিরোধী আন্দোলনে প্রথম সারির তুখোড় ছাত্রনেতা। তিনি মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, অবিভক্ত ঢাকা জেলা আওয়ামী ছাত্রলীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ (বাকশাল) নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

এছাড়াও তিনি ছাত্রাবস্থায় পাট শ্রমিক লীগ, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সাবেক সভাপতি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের অন্যতম নেতা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

১৯৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অগ্রভাগের নেতা ছিলেন। তিনি ১৯৮৭-৮৮ সালে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে দীর্ঘ ১৩ মাস কারাবন্দি ছিলেন।

২০২৪ সালের ১৫ জুন তিনি মৃত্যুবরণ করেন।