নারায়ণগঞ্জের বন্দরের কেওঢালা এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২টি ইটভাটা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
জরিমানাপ্রাপ্ত ইটভাটা দুইটি হলো বন্দরের মদনপুর কেওঢালা এলাকার খান ব্রিকস ম্যানুফেকচারারকে ৭০ হাজার টাকা এবং কেওঢালা বাগদোবাড়িয়া এলাকার মেসার্স আল্লাহ মহান ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে এই দুই ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানের সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম। সেই সাথে অভিযানের প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রাসেল মাহমুদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান বলেন, দুইটি ইটভাটাকে জরিমানা করার পাশাপাশি বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারাখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






































আপনার মতামত লিখুন :