নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন চলাকালে ২০২২ সালের ১৬ জানুয়ারি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্দেশে জেলা ও মহানগর কমিটিসহ সব অঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়ে ছিল। প্রায় দেড় বছর পর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ সালের ৩১ জুলাই অনুষ্ঠিত হয়। কিন্তু সম্মেলনের এক বছর পরও জেলা মহানগরের কমিটি দিতে না পারায় চব্বিশের ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের মাধ্যমে নিশ্চুপ হয়ে পড়ে প্রত্যাশিত নেতাদের মধ্যে। চলতি বছরে বিএনপির সরকার গঠনের পরপরই মার্চে ফেসবুকে সক্রিয় হয়ে পড়ে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের আংশিক কমিটি ঘোষণা প্রকাশ করে। এতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক হিসেবে ভিপি জামির হোসেন রনি দায়িত্ব পান। অন্যদিকে মহানগর স্বেচ্ছাসেবকলীগে সভাপতি আবারো মো. জুয়েল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মো. কায়কোবাদ রুবেলকেও আংশিক ঘোষণা করা হয়।
প্রায় সাড়ে ছয় মাসের ব্যবধানে আবারো জমির হোসেন রনি আরেক পোস্টে আড়াইহাজার উপজেলা ও দুইটি পৌরসভায় কমিটির খবর প্রকাশ করেন।
জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন আড়াইহাজার উপজেলা এবং গোপালদী ও আড়াইহাজার পৌরসভার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক ভিপি জামির হোসেন রনি এই তিন পৃথক কমিটির অনুমোদন দেন। ঘোষিত তিন বছর মেয়াদি এই কমিটিগুলোকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিগুলোর মধ্যে গোপালদী পৌরসভায় মিজানুর রহমান মিশুকে সভাপতি ও আসাদুজ্জামান ভুট্টোকে সাধারণ সম্পাদক করে ২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। আড়াইহাজার পৌরসভায় সাইদুল ইসলাম সোহেলকে সভাপতি, মুরাদ খানকে সাধারণ সম্পাদক এবং আবুল কালামকে সাংগঠনিক সম্পাদক করে ৩ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সাথে আড়াইহাজার উপজেলায় এইচ এম জাকিরকে সভাপতি ও কাওছার আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।





































আপনার মতামত লিখুন :