News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হেলাল সাজনু সানিকে ঘিরে আলোচনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৯:৫৩ পিএম হেলাল সাজনু সানিকে ঘিরে আলোচনা

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনলাইন টক শোতে দেওয়া বক্তব্যের পর তাঁর নিজস্ব রাজনৈতিক বলয়ের ভেতরেই নেতৃত্ব, পদ-পদবি ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতরা কয়েকজন নেতাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

বিশেষ করে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি পদে শাহাদাত হোসেন ভুইয়া সাজনু এবং জেলা যুবলীগের গুরুত্বপূর্ণ পদে সাফায়েত আলম সানিকে নিয়ে নানা আলোচনা সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিভিন্ন মন্তব্য ও রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে অনেকে তাঁদের শামীম ওসমানপন্থী হিসেবে তুলে ধরছেন।

এদিকে চব্বিশের ৫ আগষ্টের পর থেকে শামীম ওসমানের সাথে যোগাযোগ নেই হেলাল সাজনু ও সানিদের মত নেতাদের। যার কারণে দেশের আত্মগোপনে থেকেও আওয়ামীলীগ ও যুবলীগের রাজনীতিতে সক্রিয় হয়ে রয়েছেন তারা।

মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়া নিয়ে যুদ্ধ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন শামীম ওসমান। তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়ার আগ্রহ রয়েছে হেলাল এমন ইঙ্গিত দিয়েছেন। হেলাল মহানগর আওয়ামীলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। অন্যদিকে মহানগর যুবলীগের সভাপতি পদে সাজনুকে বহাল এবং জেলা যুবলীগের নেতৃত্বে সাফায়েত আলম সানিকে দেখতে চান এমন আলোচনা কেন্দ্রীয় পর্যায়েও রয়েছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব পদে এখনো প্রকাশ্যে না হলেও কেন্দ্রীয় তাদের মূল্যায়ন করবেন এমন জানা গেছেন।

দীর্ঘদিন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে শামীম ওসমানের নিজস্ব বলয়ের প্রভাব ছিল। তাঁর সিদ্ধান্ত ও সমর্থনকে কেন্দ্র করে মহানগর, জেলা এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পদে নেতৃত্বের সমীকরণ তৈরি হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই বলয়ের ভেতরেই একাধিক নেতৃত্বের প্রত্যাশা তৈরি হওয়ায় নতুন সমীকরণ দেখা দিতে পারে। শামীম ওসমানের সা¤প্রতিক টক শোর বক্তব্যেও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অসন্তোষের বিষয়টি আলোচনায় এসেছে। তাঁর বক্তব্যের বড় একটি অংশজুড়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সিদ্ধান্ত ও সাংগঠনিক কর্মকাÐের সমালোচনা ছিল। বিশেষ করে দলীয় কমিটি গঠন, তৃণমূলের মূল্যায়ন এবং কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত নিয়ে তাঁর মন্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এদিকে একসময় রাজনৈতিকভাবে শামীম ওসমানের চিরপ্রতিদ্ব›দ্বী হিসেবে পরিচিত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে তাঁর ইতিবাচক মন্তব্যও নতুন আলোচনার জন্ম দিয়েছে। আইভীর রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনাকে ইতিবাচকভাবে তুলে ধরার মধ্য দিয়ে শামীম ওসমান আওয়ামী লীগের ভেতরে নতুন কোনো রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিশেষ করে আইভীকে প্রশংসা করার বিষয়টি বিএনপি, জামায়াত ও এনসিপির রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করার মতো ঘটনা হিসেবে দেখছেন অনেকে। কারণ, দীর্ঘদিন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে শামীম ওসমান ও আইভীর বিরোধ ছিল অন্যতম আলোচিত বিষয়। সেই বিরোধের জায়গা থেকে আইভীকে নিয়ে ইতিবাচক বক্তব্য দেওয়া রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সব মিলিয়ে শামীম ওসমানের টক শোর বক্তব্যের পর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে দুটি বিষয় সামনে এসেছে। একদিকে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর মতপার্থক্য ও সমালোচনা, অন্যদিকে নিজ বলয়ের নেতাদের পদ-পদবি ঘিরে নতুন মেরুকরণ। দীর্ঘদিনের প্রভাবশালী বলয়ের ভেতরে নেতৃত্বের প্রত্যাশা বাড়লে সাংগঠনিক নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হতে পারে। তবে এসব আলোচনা শেষ পর্যন্ত নতুন নেতৃত্বের সমীকরণ তৈরি করবে, নাকি শামীম ওসমানের রাজনৈতিক বলয়ের ভেতরে সাময়িক বিতর্ক হিসেবেই সীমাবদ্ধ থাকবে, তা নির্ভর করবে কেন্দ্রীয় আওয়ামী লীগের ভবিষ্যৎ সাংগঠনিক সিদ্ধান্ত এবং নারায়ণগঞ্জের নেতাদের অবস্থানের ওপর।