News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগের সন্ত্রাসীরা অরাজকতার চেষ্টা করছে : চরমোনাই পীর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৭:২২ পিএম আওয়ামী লীগের সন্ত্রাসীরা অরাজকতার চেষ্টা করছে : চরমোনাই পীর

১১ নভেম্বর বুধবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন গ্রীণ গার্ডেন অডিটরিয়ামে বিকাল জেলা ও নগর সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মুহতারাম সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মুহতারাম সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আব্দুর রশীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ। 

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। যুবসমাজ হচ্ছে একটি জাতির সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারলে দেশ ও জাতির ইতিবাচক পরিবর্তন সম্ভব। ইসলামী যুব আন্দোলনের প্রত্যেক দায়িত্বশীলকে ব্যক্তিগত জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে হবে। মানুষের সঙ্গে উত্তম আচরণ, সততা, আমানতদারি ও দায়িত্বশীলতার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। মনে রাখতে হবে, একজন আদর্শবান কর্মীই একটি আদর্শ সংগঠনের মূল ভিত্তি।

তিনি বলেন, ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীদের বলব, দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করুন। শিক্ষিত, দক্ষ, সৎ ও যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে উঠুন। অন্যায়ের প্রতিবাদ করুন, মানুষের পাশে দাঁড়ান এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখুন।

তিনি আরো বলেন, দেশে পলাতক ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসীরা সারাদেশে অরাজকতা সৃষ্টির জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছে। আগুন সন্ত্রাস ও মব সৃষ্টির মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি ইসলাম, দেশ ও মানবতার বিরুদ্ধেও গভীর ষড়যন্ত্র চলছে। প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় দেশে এই অরাজকতা সৃষ্টিকারী পলাতক ফ্যাসিস্টদের যেকোন অপতৎপরতা সম্মিলিতভাবে রুখে দিতে হবে। এজন্য যুব আন্দোলনের দায়িত্বশীলদেরকে অতন্দ্র প্রহরীর ন্যায় ভূমিকা পালন করতে হবে।

প্রোগ্রামে আরো বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা ও নগরের দায়িত্ববৃন্দ।