News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হাসপাতাল ছাড়ল ৭৬ শিক্ষার্থী, লাইফ সাপোর্টে ১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৫:৫৬ পিএম হাসপাতাল ছাড়ল ৭৬ শিক্ষার্থী, লাইফ সাপোর্টে ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসা শেষে ৭৬ জন শিক্ষার্থী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৮ জন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া মোট ৯৪ জন শিক্ষার্থীকে ইনস্টিটিউটে আনা হয়েছিল। তাদের মধ্যে ৭৬ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ১৮ জনকে আশঙ্কামুক্ত রাখতে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

আইসিইউর সর্বশেষ পরিস্থিতি জানিয়ে সুলতান বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন চারজনের মধ্যে একজনের অবস্থার উন্নতি হওয়ায় তাকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়েছে। বর্তমানে আইসিইউতে রয়েছে তিন শিক্ষার্থী, যাদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আইসিইউতে থাকা চার শিক্ষার্থী হলো আজিজুল ইসলাম সিয়াম (১৪), ইউসুফ (২০), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

উল্লেখ্য, গত সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় অবস্থিত লাইব্রেরিতে হঠাৎ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ভবনে থাকা বহু শিক্ষার্থী ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে।