News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মাদ্রাসায় আগুন প্রশ্নের মুখে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৯:১৫ পিএম মাদ্রাসায় আগুন প্রশ্নের মুখে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের হতাহতের পর আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গভীর রাতে শিক্ষার্থীরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন মাদ্রাসার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনে ছড়িয়ে পড়ে ধোঁয়া। এতে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হোন। মাদ্রাসাটিতে কোনো অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই ভবনের পাশেই একাধিক আবাসিক ভবন ছিল। এই ভবন থেকে আগুন অন্য কোনো ভবনে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতো।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইউনিট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট ৮৮ জন শিক্ষার্থী চিকিৎসা নেন। তাঁদের মধ্যে ৫৩ জনকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে ১০ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় অবস্থিত মাদ্রাসাটির দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাদ্রাসাটিতে কোনো অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। এমনকি আগুন নেভানোর জন্য ছিল না কোনো অগ্নিনির্বাপণ যন্ত্র। এ বিষয়ে কাঁচপুর মডেল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, মাদ্রাসার কোথাও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা আমরা দেখতে পাইনি। এমনকি অগ্নিনির্বাপণ যন্ত্রও ছিল না। কিন্তু ভবনটির পাশেই পানি স্টোরেজ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে তেমন বেগ পেতে হয়নি। অন্যদিকে মাদ্রাসাটির ভাইস প্রিন্সিপাল আতিকুর রহমান বলেন, আগে কখনো এমন ঘটনার সম্মুখীন তারা হননি। এ কারণে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা নিয়ে তারা খুব একটা ভাবেনও নি। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ব্যাপারে উদ্যোগ নিবেন বলে জানান তিনি।

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মফিজুল ইসলাম জানান, রাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোয় কাজ শুরু করেন। প্রাথমিকভাবে আমরা কয়েকজনকে জাতীয় পার্ট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। ওরে সকাল থেকে আরো প্রায় অর্ধ শতাধিক ছাত্রদের সেখানে নেওয়া হয়। এই ঘটনায় মাদ্রাসাটি কক্ষে থাকা বিপুল পরিমাণ ইসলামিক বই এবং সহ সবকিছু পুড়ে যায়। এতে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাইব্রেরিতে বিপুল পরিমাণ বই ও কাগজপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ায় ঘুমন্ত শিক্ষার্থীরা শ্বাসকষ্টে আক্রান্ত হন।

ঘটনাটি শুধু একটি মাদ্রাসার অগ্নিনিরাপত্তা ব্যবস্থার বিষয় নয়, বরং আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। এ ধরনের দুর্ঘটনায় আগুনের পাশাপাশি ধোঁয়া বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে রাতে শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকায় আগুন লাগার বিষয়টি বুঝতে এবং নিরাপদে বের হতে সময় লাগে। ফলে ভবনে ধোঁয়া শনাক্ত করার অ্যালার্ম, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ যন্ত্র, জরুরি নির্গমন পথ এবং বিকল্প সিঁড়ি থাকা অত্যন্ত জরুরি।

এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক আলী নূর খানকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন জমা দিলেই এই ঘটনা আদ্যপান্ত আরও জানা যাবে।

এর আগে ২৬ সেপ্টেম্বর ফতুল্লা কাশিপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন বালিকা মাদ্রাসার ভবনের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে আগুনের ঘটনায় পাঁচ শিক্ষার্থী দগ্ধ হোন। এ ঘটনায় আহত পাঁচ শিক্ষার্থীই জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই মাদ্রাসাটিতেও ছিল না কোনো অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই নির্মাণ করা হয় ভবনের তৃতীয় তলা। তার ওপর ছাদে শিক্ষার্থীদের ওঠা খেলার সুযোগ থাকলেও ছিল না পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। ফলে মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতির মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ যায় ওই পাঁচ ছাত্রীর।

দুই মাসের ব্যবধানে নারায়ণগঞ্জে দুটি মর্মান্তিক এ ঘটনায় মাদ্রাসায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে অভিভাবক, শিক্ষার্থীদের মধ্যে কাজ করছে উদ্বেগ। তাই দ্রুত মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন সবাই।