কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকা ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি নারায়ণগঞ্জে। সকাল থেকে রাত পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। খোলা ছিল দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়ও দেখা যায়নি কোনো পরিবর্তন। দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জ ছিল অনেকটাই শান্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেও ছাত্রলীগের ডাকে রাজপথে নামেননি সংগঠনটির উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মী।
গত ৮ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে মানুষের মুক্তি, স্বস্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ছাত্রসমাজের শিক্ষার অধিকার নিশ্চিত করার কথা বলা হয়। কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণার পর নারায়ণগঞ্জেও সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বাড়ানোর চেষ্টা দেখা যায়। তবে ঘোষিত কর্মসূচির দিনে তার কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি জেলার জনজীবনে।
সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, দুই নম্বর রেলগেট, নিতাইগঞ্জ, কালীরবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা যায়। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কেও যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। কোথাও যান চলাচলে বাধা কিংবা দীর্ঘ যানজটের খবর পাওয়া যায়নি। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানকেন্দ্রিক স্বাভাবিক ব্যস্ততা ছিল দিনজুড়েই।
অন্যদিকে কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে রাজপথে ফেরার প্রস্তুতি নিয়ে আলোচনা থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। এর আগে জেলার বিভিন্ন স্থানে কয়েকটি ঝটিকা মিছিলের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করেন সংগঠনটির কিছু নেতাকর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমেও কয়েকজন নেতার রাজনৈতিক তৎপরতা দেখা গেছে। তবে ধর্মঘটের দিন এসব তৎপরতা সাংগঠনিক কর্মসূচিতে রূপ নেয়নি।
মূলত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নারায়ণগঞ্জে ছাত্রলীগের প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা অনেকটা কমে যায়। জেলা ও মহানগর পর্যায়ের অধিকাংশ নেতা বর্তমানে এলাকায় নেই। কেউ দেশের বাইরে, আবার কেউ আত্মগোপনে রয়েছেন বলে রাজনৈতিক সংশ্লিষ্টদের দাবি। অন্যদিকে জুলাই-আগস্টের আন্দোলনে হামলা ও সংঘর্ষের অভিযোগে দায়ের হওয়া বিভিন্ন মামলায় গ্রেপ্তারের আশঙ্কাও নেতাকর্মীদের প্রকাশ্যে আসার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলে সংগঠনটির প্রকাশ্য রাজনৈতিক কর্মকাÐ আরও সীমিত হয়ে পড়ে। ফলে কেন্দ্রীয়ভাবে ধর্মঘটের ঘোষণা এলেও স্থানীয় পর্যায়ে বড় ধরনের কর্মসূচি বাস্তবায়নের মতো সাংগঠনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।
এদিকে ধর্মঘটকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। যেকোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ কিংবা জননিরাপত্তা বিঘিœত করার চেষ্টা ঠেকাতে নজরদারি রাখা হয়।
সব মিলিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের ধর্মঘটের ডাক থাকলেও নারায়ণগঞ্জে তার প্রভাব ছিল না বললেই চলে। যান চলাচল, ব্যবসা-বাণিজ্য ও জনজীবন স্বাভাবিক থাকায় কর্মসূচিটি স্থানীয় পর্যায়ে কার্যত সাড়া ফেলতে পারেনি। এতে একদিকে যেমন সংগঠনটির বর্তমান সাংগঠনিক দুর্বলতা সামনে এসেছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যে স্বাভাবিক ছিল জেলার জনজীবন।















(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)











(6)-20261106125255.jpg)
-20261104095621.jpg)



আপনার মতামত লিখুন :