নারায়ণগঞ্জের ফতুল্লার "কোবরা গ্রুপের" প্রধান শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার,গুলি ও হিরোইনসহ গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৫টি মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী সোহেল ফতুল্লার কাঠের পুল এলাকার মৃত অলি আহমেদের ছেলে।
রবিবার (১১ অক্টোবর) রাত ৯টায় সদরের নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত এসআরবি-১১ এর প্রধান কার্যালয়ে অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
অধিনায়ক (সিও)লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গ্রেফতারকৃত আসামি সোহেল খন্দকার 'কোবরা গ্রুপের' প্রধান। সে দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট,লামাপাড়া ও তৎসংলগ্ন অঞ্চলে একচ্ছত্র অপরাধের রাজত্ব গড়ে তুলে অস্ত্র ব্যবসা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও মাদকের অভয়ারণ্যে পরিণত করেছে।
এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের উত্তক্ত করার অভিযোগ রয়েছে। আমরা জানতে পেরেছি সে মূলত উঠতি বয়সীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে এলাকায় নিয়মিত মহড়া দেওয়া এবং অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে আতঙ্কে রাখতেন।
সিও বলেন, গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক ও মারামারিসহ ১৫টি ফৌজদারি মামলা চলমান রয়েছে। গ্রেফতারকালে আমাদের টিম তার হেফাজত হতে ১টি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি,৭০ পুড়িয়া (১০ গ্রাম) হেরোইন এবং ১টি পকেট রাউটার উদ্ধার করা হয়। আমরা জানতে পেরেছি উক্ত আসামি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অঢেল সম্পদশালী হয়েছে এবং এই বিষয়টি আমরা তদন্তের মাধ্যমে দুদকে জানানোর ব্যবস্থা করবো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।








































আপনার মতামত লিখুন :