নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ রেলওয়ের কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি উদ্ধার ও দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা জনাব মো: এরশাদ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাদরুল আলম। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলাদেশ রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ ও বন্দর থানা পুলিশের বড় একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযানে প্রায় তিন থেকে চারশত দোকানপাট, ঘরবাড়ি এবং নবীগঞ্জের 'এসান চেয়ারম্যান মার্কেট' সহ বেশ কয়েকটি মার্কেট এস্কেভেটর (বেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছেন দুর্ঘটনাকবলিত ব্যবসায়ী ও সাধারণ এলাকাবাসী।
উচ্ছেদ অভিযান সম্পর্কে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন সাংবাদিকদের জানান, বাংলাদেশ রেলওয়ের সরকারি সম্পত্তি দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দখলদার ৩০ বা ৪০ বছর ধরে থাকুক না কেন, রেলওয়ের জমিতে কোনো অবৈধ দখলদারকে ছাড় দেওয়া হবে না। সরকারি জমি উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে।
তিনি আরও জানান, বেশ কয়েকজন দোকানদারকে নিজ দায়িত্বে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা নিজ খরচে সরিয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা ও জেল-জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
উচ্ছেদ অভিযান ঘিরে বর্তমানে এলাকাটিতে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং গৃহহীন ও ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ পুনর্বাসনের দাবি জানিয়েছেন।






































আপনার মতামত লিখুন :