News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল স্বাভাবিক হচ্ছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০৯:৩৮ পিএম নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল স্বাভাবিক হচ্ছে

গত তিন দিনের তুলনায় নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি বৃহস্পতিবার অনেকটাই স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই বিভিন্ন গার্মেন্ট কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। কারখানাগুলোর ভেতরেও শ্রমিকেরা কাজ করছেন।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন বলে জানিয়েছেন।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা মোকাবিলায় শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। কারখানার ভেতরেও কর্ম চাঞ্চল্য বিরাজ করছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি ব্যাটালিয়ন ও আনসারসহ পাঁচ ধরনের বাহিনী মোতায়েন রয়েছে। দায়িত্ব পালন করছেন বিভিন্ন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পাশাপাশি রয়েছে তিনটি গোয়েন্দা সংস্থার নজরদারি। নিরাপত্তা জোরদারে মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ ও নরসিংদী থেকে আনা হয়েছে তিন শতাধিক অতিরিক্ত পুলিশ সদস্য। মোতায়েন রয়েছে ছয় প্লাটুন বিজিবি এবং দেড় শতাধিক আনসার সদস্য।

ফতুল্লার বিসিক শিল্পনগরী, কাঁচপুর শিল্পনগরী ও আদমজী ইপিজেডসহ বিভিন্ন এলাকার কারখানায় স্বাভাবিকভাবে চলছে উৎপাদন কার্যক্রম।

এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। 

জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, শ্রমিকরা এখন খুব বেশি উত্তেজিত নন। কেউ প্ররোচনায় কারখানার বাইরে এলেও তাদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা চলছে। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হলে শ্রমিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।