News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মহানগর যুবদল নিয়ে কারসাজি!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ১০:২২ পিএম মহানগর যুবদল নিয়ে কারসাজি!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রধান যুবসংগঠন জাতীয়তাবাদী যুবদলের নারায়ণগঞ্জ মহানগর শাখার আহবায়ক কমিটির মেয়াদ তিন বছর পেরিয়েছে। দীর্ঘদিন ধরে একই কমিটি দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হলেও নতুন কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও তৎপরতা। বর্তমান কমিটির নেতাদের পাশাপাশি পদপ্রত্যাশীরাও নিজেদের অবস্থান শক্ত করতে সক্রিয় হয়ে উঠেছেন। তবে নতুন কমিটি ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মহানগর বিএনপির নেতাদের অবস্থান পরিবর্তন এবং বিভিন্ন গ্রুপের সঙ্গে তাদের যোগাযোগ। 

গত সপ্তাহে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি দেখা যায়নি। এর পরদিন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সংসদ সদস্য আবুল কালাম ও মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উপস্থিতি থাকলেও কর্মসূচিটি ছিল অনেকটা সাদামাটা।
 
অন্যদিকে পরদিন মহানগর যুবদলের নতুন কমিটিতে পদপ্রত্যাশী আরেকটি পক্ষের আয়োজিত র‌্যালিতে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উপস্থিতি নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে গত ১১ জুন কেন্দ্রীয় যুবদল এক বিবৃতিতে মাজহারুল ইসলাম জোসেফকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন বলে উল্লেখ করার পরও হঠাৎ করে সাড়ে চার মাসের ব্যবধানে মহানগর বিএনপির নেতাদের পদপ্রত্যাশীদের কর্মসূচিতে দেখা যাওয়ায় নানা প্রশ্ন তৈরি হয়েছে।
 
গত ৩০ আগস্ট নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটির তিন বছর পূর্ণ হয়েছে। এরপর থেকেই বর্তমান কমিটি বহাল রাখা নাকি নতুন কমিটি গঠন করা হবে, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়। বর্তমান কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের একটি অংশ নিজেদের সাংগঠনিক কার্যক্রম ও ভাবমূর্তিকে সামনে রেখে আবারও দায়িত্বে থাকতে চায়। বিপরীতে পদপ্রত্যাশী নেতারা বর্তমান কমিটির সাংগঠনিক ব্যর্থতার অভিযোগ তুলে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছেন।
 
এদিকে বর্তমান মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে শোকজ করা হয়েছিল। অন্যদিকে গত ১১ জুন পদপ্রত্যাশী নেতা মাজহারুল ইসলাম জোসেফকে মহানগর যুবদলের কেউ নন বলে বিবৃতি দেয় কেন্দ্রীয় কমিটি। এসব ঘটনাকে কেন্দ্র করে বর্তমান কমিটির দুই নেতার মধ্যে পারস্পরিক দোষারোপের বিষয়টিও আলোচনায় এসেছে।
 
তবে নতুন কমিটি ঘিরে সবচেয়ে আলোচিত ঘটনা হলো বর্তমান মহানগর যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক সাগর প্রধানের সঙ্গে পদপ্রত্যাশী মাজহারুল ইসলাম জোসেফের ঘনিষ্ঠতা। সম্প্রতি তাদের একই কাতারে দেখা যাওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের আলোচনা শুরু হয়েছে।
 
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাগর প্রধান লিখেছেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পোস্টের সঙ্গে প্রকাশিত ছবিতে তার কার্যালয়ে জোসেফের নেতৃত্বে শহর ও বন্দরের সাবেক এবং পদপ্রত্যাশী নেতাদের উপস্থিতি দেখা যায়। ছবিতে অংশগ্রহণকারীদের হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেলেও এই বৈঠককে নতুন কমিটি গঠনের আগাম প্রস্তুতি হিসেবে দেখছেন অনেকে।
 
অন্যদিকে আহবায়ক কমিটির একাধিক নেতার অভিযোগ, দীর্ঘদিন ধরে মহানগর যুবদলের সাংগঠনিক কর্মসূচিতে প্রথম যুগ্ম আহবায়ক সাগর প্রধানের উপস্থিতি নেই বললেই চলে। এমনকি স¤প্রতি মহানগর ও জেলা যুবদলের আয়োজনে কেন্দ্রীয় যুবদলের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি কর্মসূচিতেও তাকে দেখা যায়নি।
 
তাদের আরও অভিযোগ, গত বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সাগর প্রধানের একটি মিছিলের ঘটনায় তাকে শোকজ করা হয়েছিল। ওই ঘটনার পর ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির নেতাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এতে সাংগঠনিক কার্যক্রমেও প্রভাব পড়ে বলে দাবি করেছেন কমিটির কয়েকজন নেতা।
 
সব মিলিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বর্তমান ও পদপ্রত্যাশী নেতাদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। একদিকে বর্তমান কমিটির দায়িত্বশীল নেতারা নিজেদের অবস্থান ধরে রাখতে তৎপর, অন্যদিকে নতুন কমিটিতে জায়গা করে নিতে পদপ্রত্যাশীরা বিভিন্ন রাজনৈতিক সমীকরণ তৈরি করছেন। এর মধ্যে মহানগর বিএনপির নেতাদের বিভিন্ন পক্ষের কর্মসূচিতে উপস্থিতি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। 

ফলে মহানগর যুবদলের নতুন কমিটি গঠনের আগেই রাজনৈতিক মেরুকরণ, গ্রুপিং ও নেতাদের অবস্থান পরিবর্তন নিয়ে নারায়ণগঞ্জ বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতিতে উত্তাপ বাড়ছে। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় যুবদল শেষ পর্যন্ত বর্তমান কমিটির ওপর আস্থা রাখে, নাকি নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেয়।