News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান পদে মায়াকে নিয়ে জোর আলোচনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ১০:২০ পিএম মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান পদে মায়াকে নিয়ে জোর আলোচনা

নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রহিমা শরীফ মায়ার নিয়োগ পাওয়া নিয়ে আলোচনা জোরদার হয়ে উঠেছে।

জানা গেছে, এ নিয়োগ সংক্রান্ত বিষয়টি নিয়ে ইতোমধ্যে জেলা ও মহানগর বিএনপি এবং জেলা প্রশাসনের মধ্যে একাধিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতির প্রথম সারির নেত্রী হিসেবে রহিমা শরীফ মায়া ছিলেন অত্যন্ত আলোচিত ও সক্রিয়। দলীয় কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। এর আগে তিনি জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন এবং পরবর্তী সময়ে ২০২১ সালের নভেম্বরে গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হন।

জাতীয় মহিলা সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মির্জা আফরোজা আব্বাস। ফলে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে নারায়ণগঞ্জে মায়ার এ পদে আসা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে যুক্ত রহিমা শরীফ মায়া ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন এবং পরবর্তীতে মহিলা দলের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন।

নিজের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করে মায়া বলেন, রাজপথের আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম এবং পুলিশের নির্যাতন সহ্য করেও রাজনীতির মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। সততা, নিষ্ঠা এবং শহীদ জিয়ার আদর্শকে লালন করে রাজনীতি করছি, অন্যায়ের সাথে কখনোই আপস করিনি। নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।

উল্লেখ্য, জাতীয় মহিলা সংস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন ও খাদ্য প্রক্রিয়াকরণসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করে থাকে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, সাইবার নিরাপত্তা এবং আইনি সহায়তা প্রদানে সংস্থাটি মাঠ পর্যায়ে কাজ করে।