নারায়ণগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেন চেম্বার অব কমার্সের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
বুধবার (৭ অক্টোবর) সদর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এ দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, আমরা বিগত কয়েক মাস ধরে শুনছি, বক্তাবলী ও আলীরটেক এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন বন্ধে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এর আগেও নৌ পুলিশ, কোস্টগার্ড ও সদর উপজেলা প্রশাসনের বিশেষ ব্যবস্থায় অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়েছিলো।
তিনি আরও বলেন, যারা এসব করছে, তাদের এমন কী ক্ষমতা যে তারা সবাইকে উপেক্ষা করে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে? প্রশাসনের সদিচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব এটা আমরা ইতোমধ্যে দেখেছি।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে প্রশাসন ও পুলিশকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে।
তবে রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আইন প্রয়োগে সবার প্রতি সমান আচরণের দাবি জানান তিনি।
আইন শৃংখলা কমিটির আলোচনা সভার পরপরই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়।






































আপনার মতামত লিখুন :