News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্বাস্থ্যসেবা নিশ্চিতে সংসদে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৯:৫৪ পিএম স্বাস্থ্যসেবা নিশ্চিতে সংসদে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং হাসপাতালে সরকারি ওষুধ চুরির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আবদুল্লাহ আল আমিন।

স্বাস্থ্যমন্ত্রী বরাবর তিনটি প্রশ্ন করেন যেগুলো বৃহস্পতিবার লিখিত উত্তর প্রদান করা হয়।

মন্ত্রী বরাবর উত্থাপিত প্রশ্ন তিনটি হচ্ছে, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ সংকট, ওষুধ চুরির অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় ওষুধ সরবরাহে কি উদ্যোগ নেয়া হয়েছে? হাসপাতালের জরুরী বিভাগে রোগীর অতিরিক্ত চাপে সেবার মান হ্রাস পাচ্ছে। জরুরী স্বাস্থ্য অবকাঠামো সম্প্রসারণে কি উদ্যোগ নেয়া হয়েছে? নারায়ণগঞ্জে অনুমোদনপ্রাপ্ত নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ ও বাস্তবায়নের পরিকল্পনা আছে কি?

তার তিনটি প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন লিখিত বক্তব্যে বলেন, কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি) এবং স্থানীয় ক্রয় ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এছাড়া ওষুধ চুরি ও অপব্যবহার রোধে ই-ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম চালু এবং ওষুধের মোড়কে বারকোড ও কিউআর কোড ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উচ্চ জনঘনত্বপূর্ণ এলাকায় নতুন জেনারেল হাসপাতাল স্থাপনের জন্য উপযুক্ত স্থান চিহ্নিতকরণের কাজ চলছে। একই সঙ্গে বিদ্যমান হাসপাতালগুলোর অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং সমন্বিত রেফারেল ব্যবস্থা চালুর কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।

সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগে রোগীর অতিরিক্ত চাপ এবং চিকিৎসা সেবার মানের প্রশ্নে মন্ত্রী বলেন, রোগীর চাপ কমাতে এবং জরুরি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব হাসপাতালে আধুনিক অপারেশন থিয়েটার, রোগ নির্ণয় কেন্দ্র এবং বিশেষায়িত ইউনিট স্থাপন করা হচ্ছে। পাশাপাশি জেলা হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির কাজও চলমান রয়েছে।

নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ প্রসঙ্গে বলেন, এরই মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। জনবল, অবকাঠামো এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা বিবেচনা করে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের বিষয়ে সরকারের এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সেই সাথে জেলার লাখো মানুষের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এমপি আল আমিন।