News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

উন্নত নারায়ণগঞ্জ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান সারোয়ার সোহেলের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১১:১৭ পিএম উন্নত নারায়ণগঞ্জ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান সারোয়ার সোহেলের

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল উন্নত ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তুলতে ব্যবসায়ী সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পবিত্র রমজান সংযম, সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। এই ধরনের ইফতার আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

বৃহস্পতিবার (৫ মার্চ) নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেনশন হলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। আর এই ইফতারকে কেন্দ্র করে এদিন সকল রাজনৈতিক নেতাকর্মীদের মিলনমেলা হয়েছিলো।

মোরশেদ সারোয়ার সোহেল উপস্থিত সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন, তাঁদের উপস্থিতি এই আয়োজনকে সম্মানিত করেছে। নারায়ণগঞ্জের উন্নয়নে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়ন হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

মোরশেদ সারোয়ার সোহেল বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সবসময় বিশ্বাস করে যে ব্যবসায়ের পাশাপাশি সমাজের প্রতিও ব্যবসায়ীদের দায়বদ্ধতা রয়েছে। তাই সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমেও চেম্বার সক্রিয়ভাবে ভূমিকা রেখে আসছে।

তিনি আরও জানান, চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপ২/ুর নেতৃত্বে সংগঠনকে আরও গতিশীল করতে নানা উদ্যোগ চলমান রয়েছে। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা ক্রীড়া উন্নয়ন এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া চিকিৎসা সেবার ক্ষেত্রেও চেম্বারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের সঙ্গে সমন্বয় করে চেম্বারের সদস্যদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে, যা সদস্যদের স্বাস্থ্যসেবায় একটি মানবিক উদ্যোগ।

নগরের অন্যতম বড় সমস্যা যানজট উল্লেখ করে তিনি বলেন, এর সমাধানের দায়িত্ব মূলত প্রশাসন ও সিটি কর্পোরেশনের হলেও একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে নারায়ণগঞ্জ চেম্বার সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। এ বিষয়ে যেকোনো গঠনমূলক প্রস্তাব ও বাস্তবায়ন প্রতিক্রিয়ায় অংশ নিতে চেম্বার প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

পরিশেষে তিনি বলেন তিনি বলেন, আজ দলমত নির্বিশেষে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এই ঐক্যই আমাদের শক্তি। ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থেকে নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন এবং দেশের সামগ্রিক অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ করে যাব এটাই আমাদের প্রত্যাশা ও অঙ্গীকার। ইতিবাচক ও গঠনমূলক উদ্যোগে নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ সবসময় ঐক্যবদ্ধ।