News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

হাতেম কান্ডে চুপ জামায়াতে ইসলাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১১:২৮ পিএম হাতেম কান্ডে চুপ জামায়াতে ইসলাম

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি এখন জেলার আলোচিত ইস্যু। অনুষ্ঠানে উপস্থিত বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেমকে “ফ্যাসিস্টের দোসর” আখ্যা দিলে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের এক পর্যায়ে এমপি আল আমিন হাতেমের ভূমিকা নিয়ে কঠোর মন্তব্য করলে অনুষ্ঠানস্থলে উপস্থিত একটি অংশ ক্ষোভ প্রকাশ করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এমপিকে ঘিরে ফেলা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপদে সরিয়ে নেন।

এ ঘটনার পরপরই রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গণসংহতি আন্দোলন এক বিবৃতিতে নির্বাচিত জনপ্রতিনিধিকে অবরুদ্ধ করার ঘটনাকে “অগণতান্ত্রিক ও নিন্দনীয়” বলে উল্লেখ করেছে। একইভাবে এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম থেকে শুরু করে শীর্ষ নেতারা দলের সংসদ সদস্যের সঙ্গে এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

তবে আলোচিত ইফতার অনুষ্ঠানের আয়োজক দল জামায়াতে ইসলামী এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। অনুষ্ঠানে হাতেমকে আমন্ত্রণ জানানোর বিষয়েও দলটির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের প্রশ্ন একজন সংসদ সদস্যকে অবরুদ্ধ করার মতো ঘটনায় আয়োজক দলের অবস্থান কী?

এদিকে হাতেমকে দাওয়ার করার ঘটনায় জামায়াতকে নিয়ে তীব্র সমালোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। জুলাই আন্দোলনে হাসিনার সামনে ছাত্র জনতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা ব্যক্তিকে কিভাবে জামায়াত আমন্ত্রণ জানায় ও পাশে বসায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সাথে এই ঘটনায় জামায়াতকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন অনেকেই।

নারায়ণগঞ্জের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে উত্তাপ দেখা গেলেও, হাতেমকে ঘিরে সৃষ্ট এই ঘটনার পর আয়োজক দলের নীরবতা নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। এখন দেখার বিষয় জামায়াতে ইসলামী এ বিষয়ে আনুষ্ঠানিক কি অবস্থান দাঁড় করায়।