News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

শিমরাইল মোড়ে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৮:৪১ পিএম শিমরাইল মোড়ে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন হকার আহত হয়েছেন। আহতরা হলো রিপন, খোরশেদ, আব্দুল হান্নান, রুবেল ও রাজিব।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর বিক্ষুব্ধ হকাররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (ঢাকা থেকে চট্টগ্রামগামী লেন) প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে, ফলে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

হকারদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে শিমরাইল এলাকায় ফলমূলসহ বিভিন্ন পণ্য বিক্রি করে আসছেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে একদল লোক কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের মারধর করা হয় এবং মালামাল ভাঙচুর ও লুটপাট করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু বলেন, যানজট নিরসনের জন্য হকারদের সরাতে গেলে হকার রুবেল একটি টেবিল সরানোকে কেন্দ্র করে নিয়োজিত কর্মী বাবুল হককে মারধর করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সেখানে যান। তিনি দাবি করেন, তারা কোনো হামলা চালাননি; বরং হকাররাই সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল আলম জানান, হকার উচ্ছেদকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে হকাররা মহাসড়কের একটি লেন অবরোধ করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়।

তিনি আরও জানান, ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে