News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

সিটি কর্পোরেশনের তিন স্পটে টোল আদায়ের ইজারা বাতিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১০:০৫ পিএম সিটি কর্পোরেশনের তিন স্পটে টোল আদায়ের ইজারা বাতিল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের মাঝে স্বস্তি ফেরাতে একের পর এক চমক দেখাচ্ছেন নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সম্প্রতি নগরীর ফুটপাতগুলো থেকে অবৈধ হকার উচ্ছেদ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই কর্মসূচি তাকে শতভাগ সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা সহ বিএনপি এবং অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

ফুটপাতের হকার উচ্ছেদের পর এবার সিটি কর্পোরেশন এলাকার তিনটি স্পটে অটোরিকশা, সিএনজি ও থ্রি হুইলার থেকে রাস্তার ক্ষতিপূরণের জন্য যে টোল আদায় করা হতো সেই টোল আদায়ের ইজারা বাতিল করে দেওয়া হয়েছে।

ফলে ওই তিনটি স্পট থেকে আর কেউ সিটি কর্পোরেশনের ইজারার নামে এসব কোনো প্রকার যানবাহন থেকে কোনো টোল আদায় করতে পারবেন না।

ওই তিনটি স্পট হলো শহরের ১নং রেল গেইট এলাকার সিএনজি স্টেশন, বন্দর খেয়াঘাট এলাকায় অটো স্ট্যান্ড এবং নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন লতিফ হাজীর মোড় এলাকায়।

এর মধ্যে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় নতুন করে ইজারা দেওয়া হয়েছিলো কিন্তু সেটির ওর্য়াক অর্ডার বাতিল করা হয়েছে। অন্যদিকে নবীগঞ্জ এলাকায় সিটি কর্পোরেশনের ইজারা ছাড়াও সেখান থেকে টোল আদায় করে আসছিলেন বিএনপি নেতা মাসুদ রানা।

ফলে এই তিনটি স্পটে এখন থেকে কেউ সিটি কর্পোরেশনের ইজারার নামে টোল আদায় করতে পারবেন না।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি জানান, তিনটি স্পটের এই টোল আদায়ের ইজারা বাতিল করা হয়েছে। বাকি যেসব স্পষ্ট অবশিষ্ট রয়েছে ওই গুলোও বাতিল করা হবে। বাতিল করা হলে গণমাধ্যমকে জানানো হবে।

জানা গেছে, এসব স্পষ্ট থেকে প্রতিদিন অটোরিকশা, সিএনজি সহ থ্রি হুইলার যান থেকে প্রতিদিন ২০টাকা করে টোল আদায় করা হতো। বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এবং নবীগঞ্জ উভয় স্থানেই অটো চালকদের এই টোল প্রদান করতে হতো। অন্যদিকে নারায়ণগঞ্জ ১নং রেলগেট এলাকায় সিএনজি থেকেও এই টোল আদায় করা হতো। প্রতি বছরের বৈশাখ থেকে বৈশাখ পর্যন্ত এই ইজারা প্রদান করা হতো। ২০২৬ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়েছে। ১৫ এপ্রিল পূর্বে দেওয়া ইজারা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল থেকে এসব স্পটে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।

সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্ত খুশি অটো ও সিএনজি চালক সহ সাধারণ যাত্রীরাও। তবে যাত্রীদের দাবি যেহেতু এসব সড়কে টোল বন্ধ করা হয়েছে তাই স্বাভাবিক অর্থে অটোতে এখন ভাড়া কমিয়ে ভাড়া পুন:নির্ধারণ করতে হবে।