সরকারি দপ্তরে সেবা নিতে আসা প্রবীণ নাগরিকদের জন্য ফাস্ট-ট্র্যাক সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। একই সঙ্গে প্রবীণদের সরকারি হাসপাতাল ও গণপরিবহনে অগ্রাধিকার এবং তাঁদের চলাচলের সুবিধায় প্রবীণবান্ধব ফুটপাত ও ফুটওভার ব্রিজে চলন্ত সিড়ি নির্মাণের প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন।
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, প্রবীণেরা সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভান্ডার। তাঁদেরকে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন না করে পরিবার, সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে। বয়সের কারণে তাঁদের যে শারীরিক সীমাবদ্ধতা তৈরি হয়, তা বিবেচনায় নিয়ে সরকারি সেবা ও গণপরিবহনে তাঁদের অগ্রাধিকার নিশ্চিত করা প্রয়োজন। সরকারি দপ্তরে প্রবীণেরা সেবা নিতে এলে তাঁদের জন্য ফাস্ট-ট্র্যাক সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, প্রবীণবান্ধব ফুটপাত, ফুটওভার ব্রিজে চলন্ত সিড়ি অন্যান্য অবকাঠামো গড়ে তুলতে হবে। প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম বলেন, শুধু বাবা-মা নন, শ্বশুর-শাশুড়িকেও সম্মান করতে হবে। বৃদ্ধ বয়সে কোনো বাবা-মাকে যাতে বৃদ্ধাশ্রমে যেতে না হয়, সে জন্য পরিবারের প্রত্যেক সদস্যকে প্রবীণদের বিষয়ে যতœশীল ও দায়িত্ববান হতে হবে।
আলোচনা সভায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার বলেন, বৃদ্ধাশ্রম নয়, পরিবারই যেন একজন প্রবীণ ব্যক্তির আশ্রয়স্থল হয় সেই পরিবেশ গড়ে তুলতে হবে। প্রবীণ ব্যক্তিরা পরিবার ও সমাজের বোঝা নয়,তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। জ্যেষ্ঠ নাগরিক হিসেবে প্রবীণদের সরকারি হাসপাতালে চিকিৎসা ও গণপরিবহন সেবা সংস্থাগুলোতে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। রাষ্ট্র কাঠামোতে তাঁদেরকে সম্পৃক্ত করে নবীন ও প্রবীণের সমন্বয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
ড্যাব নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, প্রবীণরা সাধারণত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বাত, চোখে কম দেখা ও কানে কম শোনার মতো সমস্যা বেশি হয়। পরিবারের সদস্যদের উচিত তাঁদেরকে মাসে একবার স্বাস্থ্য পরীক্ষা করা এবং সময় দেওয়া। জেলা সদরের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণদের জন্য আলাদা কর্নার ও আলাদা সেবার লাইন করা দরকার। যাতে করে ৭০ বয়সী একজন প্রবীণকে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে না হয়।
সভায় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে প্রবীণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকের নবীনই আগামী দিনের প্রবীণ। তাই জ্যেষ্ঠ নাগরিকদের সম্মান ও শ্রদ্ধার সঙ্গে সমাজের মূলধারায় রাখতে হবে। সরকারি হাসপাতাল, সেবামূলক প্রতিষ্ঠান এবং বাস, ট্রেন ও বিমানে তাঁদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রবীণদের সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন।
সভাপতির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস বলেন, প্রবীণদের জন্য বয়স্ক ভাতা ও জটিল রোগের চিকিৎসা ভাতাসহ সরকারীভাবে বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। এছাড়া পিতা-মাতার ভরণপোষণ আইন রয়েছে। প্রবীণদের সঙ্গে নিয়েই সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে।
সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আত্ম উন্নয়ন সংস্থার সভাপতি ইব্রাহিম খলিল, গ্রীণ অর্থ এর সভাপতি খালেদ মোশারফ, ৫০ উর্ধ্বে কফি হাউজ শেষ বেলা ফাউন্ডেশনের সভাপতি মো. শাহ্ আলম প্রমুখ।
এছাড়া গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি আওলাদ হোসেন, জেলা সরকারী গণগ্রন্থাগারের সাবেক লাইব্রেরীয়ান মোশারফ হোসেন, ক্রীড়া সংগঠক মাহমুদুল হক শাহীনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃবৃন্দ।




































আপনার মতামত লিখুন :